শ্যামপুর চিনিকল শ্রমিকদের আধাবেলা হরতাল পালন

বন্ধ চিনিকল চালুসহ ৫ দফা দাবিতে রংপুরে বদরগঞ্জ উপজেলার শ্যামপুর এলাকায় চিনিকল এলাকায় আধাবেলা হরতাল পালিত হয়েছে।

শ্যামপুর চিনিকল এমপ্লয়িজ ইউনিয়ন এবং আখচাষি কল্যাণ সমিতির ডাকে গতকাল বুধবার ভোর ৬টা থেকে হরতাল কর্মসূচি পালিত হয়। এ সময় হরতালের সমর্থন জানিয়ে স্থানীয় ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রাখেন।

সকাল থেকে চিনিকল শ্রমিকরা ও স্থানীয় আখচাষি শ্যামপুর চিনিকলের সম্মুখ ফটকে অবস্থান নেন। এর আগে সুগার মিলস প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের হলে রাস্তায় যেতে বাধা দেয় পুলিশ। এরপর আখ মাড়াই কার্যক্রম চালুসহ বন্ধ ৬ চিনিকল খুলে দেওয়ার দাবিতে মিল এলাকায় বিক্ষোভ সমাবেশ করেন তারা।

হরতাল চলাকালে চিনিকলের পাশে রেলওয়ে স্টেশনবাজার শ্যামপুর হাট এবং শ্যামপুর বন্দর এলাকায় কোনো দোকানপাট খোলেনি। খাবারের দোকান, কাঁচাবাজার এবং ওষুধের দোকান ছাড়া সব দোকানপাট বন্ধ ছিল। শ্রমিক-কর্মকর্তা আখচাষিদের আহ্বানে এ হরতালে যোগ দিয়েছেন এলাকাবাসী দোকানিরাও।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ১৫টি চিনিকলের মধ্যে ৯টি চালু করলেও এখনো ৬টি বন্ধ রয়েছে। তার মধ্যে শ্যামপুর চিনিকল একটি। অবিলম্বে এটি চালু করে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধসহ পাঁচ দফা দাবি আদায় না হলে ২৪ ডিসেম্বর থেকে রেলপথ, রাজপথ অবরোধসহ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

এর আগে গত ১৯ ও ২০ ডিসেম্বর চিনিকল খুলে দেওয়াসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ মিছিল, অবস্থান কর্মসূচি, প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ ও সমাবেশ করেছেন আখচাষি ও শ্রমিক-কর্মচারীরা।

শ্যামপুর চিনিকল এমপ্লয়িজ ইউনিয়নের সাধারণ সম্পাদক বুলু আমীন বলেন, ১৫টি চিনিকলের মধ্যে নয়টি চালু করলেও এখনো ছয়টি বন্ধ রয়েছে। তার মধ্যে শ্যামপুর চিনিকল একটি। অবিলম্বে এই চিনিকল চালু করে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধসহ পাঁচ দফা দাবি মেনে নিতে হবে। না হলে ২৪ ডিসেম্বর থেকে আরও কঠোর কর্মসূচি পালন করা হবে।

জেলা অতিরিক্ত পুলিশ সুপার মধুসূদন রায় বলেন, বিশৃঙ্খলা এড়াতেই পুলিশ মোতায়েন করা হয়েছে। মিছিল নিয়ে চিনিকল ক্যাম্পাসের বাইরে গেলে বিশৃঙ্খলা হতে পারে, তাই তাদের মিছিলটিকে ঘুরিয়ে চিনিকল ক্যাম্পাসে পাঠানো হয়েছে।

গত ১ ডিসেম্বর দেশের ১৫টি চিনিকলের মধ্যে ছয়টি চিনিকলের মাড়াই বন্ধ রেখে ৯টি চিনিকলের মাড়াই চালু রাখার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন। লোকসান কমানোর উদ্দেশে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার।