করোনাভাইরাসের বিরুদ্ধে ফ্রন্টলাইনে কাজ করা অভিবাসীদের তাদের কাজের স্বীকৃতিস্বরূপ নাগরিকত্ব প্রদানের উদ্যোগ নিয়েছে ফ্রান্স। কভিড-১৯ মহামারী মোকাবিলার প্রচেষ্টায় সহযোগিতাকারী অভিবাসীদের নাগরিকত্বের আবেদনের জন্য আমন্ত্রণ জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এরই মধ্যে এমন সাত শতাধিক অভিবাসীর নাগরিকত্ব অনুমোদন করা হয়েছে কিংবা তা অনুমোদনের চূড়ান্ত পর্যায়ে আছে। এর মধ্যে স্বাস্থ্যকর্মী, পরিচ্ছন্নতাকর্মী ও দোকানকর্মী রয়েছেন বলে জানিয়েছে বিবিসি।
বিশ্বজুড়ে ফ্রন্টলাইন কর্মীদের উচ্চহারে কভিড-১৯-এর সংস্পর্শে আসতে হচ্ছে। এর মধ্যে চিকিৎসক ও নার্সসহ অনেকেই এ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করছেন। বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত শীর্ষ ১০ দেশের মধ্যে ফ্রান্স একটি। দেশটিতে ২৫ লাখেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে প্রায় ৬২ হাজার মানুষের।
ফ্রান্স সরকার তাদের দেশে করোনা মহামারীর বিরুদ্ধে কাজ করা সম্মুখসারির যোদ্ধাদের পুরস্কারস্বরূপ নাগরিকত্ব প্রদানের উদ্যোগটি প্রথম ঘোষণা করে গত সেপ্টেম্বরে। এর আওতায় এরই মধ্যে ৭৪ জন অভিবাসীকে ফরাসি পাসপোর্ট দেওয়া হয়েছে। আরও ৬৯৩ জন নাগরিকত্ব প্রক্রিয়ার চূড়ান্ত পর্যায়ে আছে। আর এখন পর্যন্ত নাগরিকত্বের জন্য আবেদন করেছে ২ হাজার ৮৯০ জন।