‘বিএনপি সবসময় মৌলবাদী অপশক্তিকে রাজনীতির ক্রীড়নক হিসেবে ব্যবহার করেছে’ বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে স্বাধীনতা পরিষদ আয়োজিত ‘বঙ্গবন্ধু বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় সমসাময়িক প্রসঙ্গে এ কথা বলেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের বিরুদ্ধে পাকিস্তানের পক্ষ অবলম্বনকারীদের পুনর্বাসিত করেছিলেন জিয়াউর রহমান আর খালেদা জিয়া তাদের রাষ্ট্রীয় ক্ষমতায় বসিয়েছিলেন। আর যাদের নেতারা সেস্নাগান দেয় ‘আমরা সবাই তালেবান, বাংলা হবে আফগান’– তারা বিএনপি’র নেতৃত্বে জোটের মধ্যে আছে। এভাবে বাংলাদেশে মৌলবাদী অপশক্তিকে সবসময় রাজনীতির ক্রীড়নক হিসেবে ব্যবহার করেছে বিএনপি। সময়ে সময়ে মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে আমাদের দেশে বিভিন্ন সময় নানা অজুহাতে বিশৃঙ্খলা সৃষ্টি করার অপচেষ্টাও চালানো হয়েছে।
তিনি আরও বলেন, আজও যারা ধর্মের কথা বলে মিথ্যা ব্যাখ্যা দেয়, এরা আসলে তাদের রাজনীতির স্বার্থে ধর্মকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। দেশের মানুষ বিক্ষুব্ধ হয়ে উঠেছে এবং আমি তাদের অনুরোধ জানাব এই পথ থেকে সরে আসার জন্য। ইসলামকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে ভাস্কর্য নিয়ে কথা বলার মধ্যে দুরভিসন্ধি আছে, তাই জনগণকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকতে হবে আর বিএনপি নেতাদের বলব, সাপ নিয়ে খেলবেন না, সাপ নিয়ে খেললে সে একসময় ছোবল মারবে।
বাংলাদেশ স্বাধীনতা পরিষদের উপদেষ্টা হারুন অর রশীদের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন মো. শাহাদাত হোসেন টয়েল, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট বলরাম পোদ্দার, এম এ করিম, যুবলীগ সদস্য মানিক লাল ঘোষ প্রমুখ।
এছাড়া বুধবার দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে তথ্যমন্ত্রীর সঙ্গে নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) নেতাদের করোনা পরিস্থিতি উত্তরণে সংবাদপত্র শিল্পের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এ সময় নোয়াব প্রতিনিধিরা সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বিজ্ঞাপন বাবদ বকেয়া পাওনা পরিশোধের বিষয়ে মন্ত্রীর পরামর্শ কামনা করেন। তথ্যমন্ত্রী এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সব মন্ত্রণালয় ও বিভাগে তাগিদপত্র দেওয়া হয়েছে বলে জানান এবং তথ্য মন্ত্রণালয় থেকেও আরেকবার তাগিদ দেওয়ার আশ্বাস দেন।
নোয়াব সভাপতি এ কে আজাদ, সহ-সভাপতি এ এস এম শহিদুল্লাহ খান, নির্বাহী সদস্যদের মধ্যে মাহফুজ আনাম, নঈম নিজাম ও দেওয়ান হানিফ মাহমুদ এবং সদস্যদের মধ্যে শাহ হোসাইন ইমাম এ বৈঠকে যোগ দেন।