৬৪৪ পেলেকে ছাড়িয়ে মেসি

ফুটবল সম্রাট পেলেকে ছাড়িয়ে যাওয়া অবধারিতই ছিল লিওনেল মেসির। আগের ম্যাচেই শনিবার এক ক্লাবের হয়ে গোলসংখ্যায় ব্রাজিলীয় কিংবদন্তির পাশে বসেছিলেন মেসি। কত দ্রুত পেলেকে ছাড়িয়ে যান মেসি সেটাই ছিল দেখার। বেশি সময় নিলেন না আর্জেন্টিনার কিংবদন্তি। বার্সার পরের ম্যাচেই মঙ্গলবার রিয়াল ভায়াদোলিদের বিপক্ষে গোল করে একক রেকর্ডের মালিক হয়ে গেছেন মেসি। বার্সার হয়ে মোট ৭৪৯ ম্যাচে ৬৪৪ গোল নিয়ে ক্যারিয়ারে এক ক্লাবের হয়ে সর্বোচ্চ গোল এখন তার। ব্রাজিলের ক্লাব সান্তোসের হয়ে (১৯৫৮-১৯৭৪) পেলে এই রেকর্ড গড়েছিলেন ৬৫৬ আনুষ্ঠানিক ম্যাচে। মেসির রেকর্ডের দিনে বার্সা ভায়াদোলিদকে ৩-০ গোলে হারিয়েছে।

ছয়বারের বর্ষসেরা ফুটবলারের মাইলফলক গোলটি আসে ৬৫ মিনিটে। দলের নতুন ও প্রবীণদের মিলিত প্রচেষ্টার ফল গোলটি। ভায়াদোলিদের হাফ থেকে ডি ইয়ংকে বল দিয়ে এগিয়ে যান মেসি। ডি ইয়ং বল দেন পেদ্রিকে, পেদ্রি ব্যাক হিলে মেসিকে। এলএম ১০ বাঁ পায়ের তীব্র শটে জালে জড়ান। পরে ইন্সটাগ্রামে পেলেকে ছাড়িয়ে যাওয়ার অনুভূতি প্রকাশ করে মেসি বলেন, ‘ফুটবল খেলা শুরুর দিনগুলোতেই এই রেকর্ড গড়তে পারব এটা কখনই আমার কল্পনায় আসেনি। এই বছরগুলোতে আমাকে বিভিন্নভাবে যারা সাহায্য করে গেছেন, আমার সতীর্থরা, পরিবার, বন্ধু এবং বাকি সবাইকে সমর্থনের জন্য ধন্যবাদ জানাই।’ এদিকে বার্সা কোচ রোনাল্ড কোম্যান বলছেন, ‘আমি মেসিকে এখন সন্তুষ্ট দেখছি। সে বেশ পরিশ্রম করছে এবং আমার পরিকল্পনার অন্যতম উৎসব হয়ে উঠছে।’ ভয়াদোলিদের বিপক্ষে ম্যাচ শেষে ব্যাক্তিগত বিমানে জন্মস্থান আর্জেন্টিনার রোজারিওতে ছুটি কাটাতে গিয়েছেন মেসি। ২৯ ডিসেম্বর লা লিগার ম্যাচের আগেই স্পেনে ফিরবেন।

মেসির আগে জার্মান কিংবদন্তি জার্ড মুলার পেলেকে ছোঁয়ার খুব কাছে ছিলেন। ১৯৬৪ থেকে ১৯৭৯ পর্যন্ত বায়ার্ন মিউনিখের হয়ে ৫৬৫ গোল করেছিলেন মুলার। পেলের রেকর্ড ভাঙলেও মেসিরটা অক্ষত থাকার সম্ভাবনাই বেশি। কারণ এই রেকর্ড ছোঁয়ার সামর্থ্য রাখা একমাত্র খেলে যাওয়া ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদোও ১৯৪ গোল পেছনে আছেন মেসির চেয়ে। এক ক্লাবের হয়ে সর্বোচ্চ গোলের তালিকায় শীর্ষ দশে বাকি সবাই অবসরে।

ভায়াদোলিদের মাঠে খেলার ২১ মিনিটে ক্লেমঁ লেংলে ও ৩৫ মিনিটে মার্টিন ব্রেথওয়েট বার্সার বাকি দুই গোল করেন। এ জয়ে ১৪ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে তালিকার পাঁচে আছে। দিনের অন্য ম্যাচে আতলেতিকো মাদ্রিদ ২-০ গোলে রিয়াল সোসিয়েদাদকে হারিয়ে শীর্ষস্থান আরও সুদৃঢ় করেছে। ১৩ ম্যাচে তাদের সংগ্রহ ৩২ পয়েন্টি। গত রাতে গ্রানাদার বিপক্ষে নামার আগে ১৪ ম্যাচে রিয়াল মাদ্রিদের সংগ্রহ ছিল ২৯ পয়েন্ট। আর ১৬ ম্যাচে সোসিয়েদাদের পয়েন্ট ২৬।