অ্যাডিলেড টেস্ট হারার পর এমনিতেই ভারতীয় দলে পরিবর্তন অবশ্যম্ভাবী ছিল। তার ওপর বিরাট কোহলি ও মোহাম্মদ শামি দেশে ফেরায় তা আরও নিশ্চিত হয়েছে। মেলবোর্নে গতকাল অনুশীলনের মাধ্যমে অ্যাডিলেড টেস্টের বিপর্যয় পেছনে ফেলে সংগঠিত হওয়ার চেষ্টা করছে ভারতীয় দল। বিসিসিআইয়ের টুইটার হ্যান্ডেলে লেখা হয়েছে, ‘আমরা এখন মেলবোর্নে। লাল বলের টেস্ট শুরু হয়ে গেল। এখন টিম ইন্ডিয়ার সংগঠিত হওয়ার সময়।’ কোহলি না থাকায় পরের তিন টেস্টে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন আজিঙ্কা রাহানে। গতকাল নেটে তিনি বেশ কিছুক্ষণ ব্যাটিং অনুশীলন করেছেন। তার সঙ্গে নেটে ব্যাটিং করেন চেতেশ্বর পূজারাও। দীর্ঘ সময় ব্যাটিং অনুশীলন করেছেন প্রথম টেস্টে দুই ইনিংসেই ব্যর্থ পৃথ্বি শ এবং তার পার্টনার মায়াঙ্ক আগরওয়াল। যদিও মেলবোর্নে শ’র দলে থাকা নিশ্চিত নয়। বুধবার ভারতীয় নেটে সবচেয়ে সপ্রতিভ ছিলেন শুভমান গিল। শোনা যাচ্ছে, মেলবোর্নে টেস্ট অভিষেক হবে তার। প্রথম টেস্টে দলের বাইরে থাকা লোকেশ রাহুলের খেলার সম্ভাবনাও প্রবল। উইকেটকিপার ঋদ্ধিমান সাহার জায়গায় নামানো হতে পারে ঋষভ পান্তকে। তবে শামির পরিবর্তে মোহাম্মদ সিরাজ না নবদীপ সাইনি খেলবেন তা এখনো নিশ্চিত নয়। মেলবোর্ন টেস্টে অলরাউন্ডার রবিন্দ্র জাদেজাকেও খেলানো হতে পারে। হ্যামস্ট্রিংয়ের ইনজুরি কাটিয়ে গতকাল তিনি লম্বা সময় নেটে বোলিং এবং ব্যাটিং অনুশীলন করেছেন।