ভাবিনি কখনো কোনো রেকর্ড ভাঙতে পারব: মেসি

ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলেকে পেছনে ফেলে কোনো একটি নির্দিষ্ট ক্লাবের হয়ে সর্বোচ্চ গোল করার রেকর্ড এখন লিওনেল মেসির।

বার্সেলোনার আর্জেন্টাইন তারকা রেকর্ডটি নিজের করে নেওয়ার পর বলেছেন, ফুটবল শুরুর সময় কখনোই তিনি ভাবেননি কোনো রেকর্ড ভাঙতে পারবেন। পেলের কীর্তি ভাঙার স্বপ্ন-তো মনের ত্রিসীমানাতেও ছিল না।

বাংলাদেশ সময় মঙ্গলবার রাতে রিয়াল ভাইয়াদলিদের বিপক্ষে স্প্যানিশ লা লিগায় ৩-০ গোলে জয় তুলে নেয় বার্সেলোনা। দলের তৃতীয় গোলটি আসে মেসির পা থেকে। আর সেই সাথেই পেলেকে ছাড়িয়ে নতুন ইতিহাস লেখেন মেসি।

দারুণ এই অর্জনের পর মেসি ইন্সটাগ্রামে নিজের মনের অনুভূতি প্রকাশ করেন। লিখেন, ‘যখন খেলা শুরু করি তখন ভাবিনি কখনো কোনো রেকর্ড ভাঙতে পারব। এমনকি আজ পেলের যে রেকর্ড ভাঙলাম, এর চেয়ে ছোট কোনো রেকর্ডের কথাও না… বছরের পর বছর ধরে যারা আমাকে সাহায্য করেছেন, আমার সতীর্থ, আমার পরিবার, আমার বন্ধু ও যারা প্রতিদিন আমাকে সমর্থন করেছেন, তাদের আমি শুধু ধন্যবাদ জানাতে পারি।’

আর্জেন্টাইন তারকা মেসির বার্সেলোনার হয়ে গোলের সংখ্যা এখন ৬৪৪। বার্সায় মেসি প্রথম গোল করেন ২০০৫ সালে। ১৭ মৌসুমে ৭৪৯ ম্যাচে পেলেকে ছাড়ালেন মেসি।

ব্রাজিলের কিংবদন্তি পেলে সান্তোসের হয়ে ১৯ মৌসুমে করেছিলেন ৬৪৩টি গোল। ১৯৫৬ থেকে ১৯৭৪ পর্যন্ত এই কটি গোল করেন তিনি।

পেলের আরেকটি রেকর্ড তাড়া করে চলেছেন মেসি। ব্রাজিলের হয়ে পেলের গোল সংখ্যা ৭৭, যা দক্ষিণ আমেরিকান রেকর্ড। আর্জেন্টিনার হয়ে মেসির গোল সংখ্যা ৭১। অর্থাৎ আর মাত্র ৬ গোল করলে পেলেকে ছুঁয়ে ফেলবেন মেসি। ৮ গোল করলেই ছাড়িয়ে যাবেন।