চুয়াডাঙ্গায় শীতজনিত রোগে দুই নবজাতকের মৃত্যু

শীতজনিত রোগে আক্রান্ত হয়ে চুয়াডাঙ্গায় দুই নবজাতক মারা গেছে। গতকাল বুধবার ভোরে সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। মারা যাওয়া নবজাতকরা হলো সদর উপজেলার বোয়ালমারী গ্রামের দিবাকর কুমারের ছেলে জয় (চার দিন) ও গাড়াবাড়িয়া গ্রামের জাহিদুল ইসলামের ছেলে সোয়াইদ (দুই দিন)।

সদর হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার সোহরাব হোসেন জানান, ডায়রিয়া ও শিশু ওয়ার্ডে গত দুই-তিন দিন ধরে রোগীর চাপ বাড়ছে। শীতজনিত রোগে আক্রান্ত হলে ওই দুই নবজাতককে সদর হাসপাতালে ভর্তি করা হয়। এর পরদিন বুধবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় ওই দুই নবজাতকের মৃত্যু হয়। তাদের ওজনও তুলনামূলকভাবে কম ছিল।