শ্যুটিংয়ের সময়ই মনে হচ্ছিল ভালো কিছু হবে

মঞ্চ ও টেলিভিশনের মেধাবী অভিনেত্রী সানজিদা প্রীতি। তার অভিনীত ওয়েব সিরিজ ‘তকদির’ এখন আলোচনায়। তার সঙ্গে কথা বলেছেন মাসিদ রণ

তকদির...

আগস্টের শেষের দিকে ‘তকদির’-এর কাজ করেছিলাম। তরুণ প্রজন্মের পরিচালক সৈয়দ আহমেদ শাওকির কাজ আমার আগেই দেখা ছিল। জানতাম, সে ভালো নির্মাতা। আর আমার সহশিল্পী ছিলেন চঞ্চল চৌধুরী, পার্থ বড়ুয়া, মনোজ প্রামাণিকের মতো জনপ্রিয় তারকারা। শ্যুটিং করতে গিয়েই মনে হচ্ছিল ভালো কিছু হবে। ওয়েব সিরিজটিতে আমি একজন সাংবাদিকের চরিত্রে অভিনয় করেছি। সাধারণত আমাদের এখানে সাংবাদিকদের নিয়ে সেভাবে কোনো কাজ হয় না। এখানে এই পেশার কয়েকটি লেয়ার উঠে এসেছে। আমি একটি ঘটনা কভার করতে যাই। আসলে ভালো গল্প, নির্মাণ আর অভিনয় হলে দর্শক সেই কাজ দেখে। তার ওপরে ‘তকদির’ কলকাতার জনপ্রিয় স্ট্রিমিং সাইট হইচইয়ে মুক্তি পেয়েছে। তারা প্রচার প্রচারণায় এগিয়ে। তাই কাজটি বেশি মানুষের কাছে পৌঁছেছে। কিন্তু আমরা সচরাচর যে কাজ করি তার প্রচারণা সেভাবে দেখা যায় না। টিভিতে কবে প্রচার হচ্ছে সে খবরও আমরা শিল্পীরা অনেক সময় জানতে পারি না। এরপর ইউটিউবে চলে যায়। এজন্য দর্শক কাজগুলো সম্পর্কে জানতেও পারে না। 

অল্প কাজ...

অভিনয়টা আমার পেশা। অন্য কোনো কাজ করে জীবিকা নির্বাহ করি না। কিন্তু শিল্পচর্চা বা নিজস্ব রুচিবোধের জায়গা থেকে কাজের ব্যাপারে যে ধরনের মান তৈরি হয়েছে তা আজকাল পাই না। এখনকার বেশিরভাগ নাটকের গল্পই আমার পছন্দ হয় না। এজন্য শুধু অর্থের জন্য গড়পড়তা কাজ করতে পারি না। অল্প কিছু কাজের প্রস্তাব আসে, যেগুলো তুলনামূলক ভালো, সেগুলোই করি।

সায়ংকাল...

আফসানা মিমি বিটিভির জন্য নির্মাণ করছেন ‘সায়ংকাল’ নামে একটি ধারাবাহিক। শওকত আলীর ‘দক্ষিণায়নের দিন’ উপন্যাস অবলম্বনে নির্মিত হচ্ছে এটি। এর কেন্দ্রীয় চরিত্রে আমাকে দেখা যাবে। চরিত্রটির নাম রাখি,  সে মধ্যবিত্ত পরিবারের মেয়ে। খুববেশি উচ্চাকাক্সক্ষা নেই, কিন্তু নীতিবোধ নিয়ে বাঁচতে চায়। শুরু হবে আমার ছাত্রজীবন নিয়ে, পরে চাকরিজীবন, তা ছেড়ে দিয়ে মফস্বলে শিক্ষকতা করা অনেক বাঁক আছে চরিত্রটির। নাটকের প্রথম লটের শ্যুটিংয়ে অংশ নিয়েছেন খায়রুল আলম সবুজ, শহীদুজ্জামান সেলিম, আফসানা মিমি, শাহাদাৎ হোসেন, নাঈম, আনিসুর রহমান মিলন, সুষমা সরকার, স্বাগতা, শর্মীমালা, রাজীব সালেহীন, জয়িতা মহলানবীশ ও মীর রাব্বি। মিমি আপার সঙ্গে কয়েকবার চরিত্রটি নিয়ে কথা বলেছি, লুক টেস্ট হয়েছে। আগামী মাসে আবার শ্যুটিং হবে। আশা করছি কাজটি দর্শক পছন্দ করবেন।

থিয়েটার...

করোনার জন্য আমরা অনেক দিন থিয়েটার চর্চা থেকে বিরত আছি। নভেম্বরে প্রাচ্যনাটের নাটকের মঞ্চায়ন হয়েছিল। তখন ব্যাকগ্রাউন্ডে কাজ করেছিলাম। শিল্পকলা খুললে মঞ্চে ফিরব।