নাট্যব্যক্তিত্ব মান্নান হীরার মৃত্যুতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক

বিশিষ্ট নাট্যকার ও নির্দেশক মান্নান হীরার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এক শোকবার্তায় রাষ্ট্রপতি মরহুম মান্নান হীরার রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ প্রখ্যাত নাট্যকার ও পরিচালক মান্নান হীরার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, দেশের নাট্যাঙ্গনে বিশেষ করে পথ নাটক আন্দোলনে অসাধারণ অবদানের জন্য জাতি তাকে স্মরণ করবে।

শেখ হাসিনা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন ও তার শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত মান্নান হীরা বুধবার রাতে কাকরাইলে নিজ বাসভবনে হৃদ্‌রোগে আক্রান্ত হলে রাজধানীর শাজাহানপুরে ইসলামী ব্যাংক হাসপাতালে নেয়া হয়। পরে রাত সাড়ে আটটায় চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন বলে পারিবারিক সূত্রে জানানো হয়েছে।

মান্নান হীরার বয়স হয়েছিল ৬৪ বছর। তিনি স্ত্রী ও এক পুত্র রেখে গেছেন।

তিনি আরণ্যক নাট্য দলের সদস্য ও পথ নাটক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। বাংলাদেশ পথ নাটক পরিষদের সাবেক সভাপতি ছিলেন মান্নান হীরা।