ইথিওপিয়ায় অস্ত্রধারীদের হামলায় নিহত গ্রামবাসীর সংখ্যা ১০০ ছাড়িয়ে গেছে। বুধবার ভোরে দেশটির পশ্চিম বেনিশাংগুল-গুমুজ প্রদেশে এ ঘটনা ঘটে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, গোষ্ঠীগত সহিংসতা বন্ধে শীর্ষ সামরিক কর্মকর্তাদের নিয়ে প্রধানমন্ত্রী আবি আহমেদ ওই প্রদেশের ভ্রমণের একদিন পর এই নৃশংস ঘটনা ঘটে।
আবি বৃহস্পতিবার সকালে জানিয়েছেন, সেখানে অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে।
স্থানীয় ক্লিনিকের এক নার্স জানান, হামলায় আহত ৩০ জনেরও বেশি মানুষকে তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে কারও কারও অবস্থা গুরুতর।
আহতদের বেশিরভাগই গুলিবিদ্ধ, বাকিরা ছুরিকাহত, বলেছেন ওই নার্স।
ইথিওপিয়ার মানবাধিকার কমিশন বিবৃতিতে বলেছে, ‘সশস্ত্র ব্যক্তিদের গুলি ও অগ্নিসংযোগে শতাধিক মানুষ নিহত হয়েছে।’
কারা এ হামলা চালিয়েছে তাৎক্ষণিকভাবে তা স্পষ্ট হওয়া না গেলেও রাজ্য সরকারের মুখপাত্র বিয়েনি মেলেসি হামলায় দায় দিয়েছেন ‘শান্তি বিরোধীদের’।
তিনি বলেন, ‘নিহতদের সংখ্যা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। তবে যা তথ্য পাচ্ছি, সংখ্যাটা শতাধিক।’
সেপ্টেম্বর থেকে এ ধরনের চারটি হামলায় বিপুল সংখ্যক মানুষ নিহত হয় প্রদেশটিতে।
ইথিওপিয়ার বিভিন্ন অঞ্চলে বিদ্রোহীদের দমনে লড়াই চালিয়ে যাচ্ছে সেনাবাহিনী। ছয় সপ্তাহের বেশি সময় ধরে চলা এই সহিংসতায় প্রায় ১০ লাখ মানুষ ঘরছাড়া হয়েছেন।