কোচ ছাঁটাই করল ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। জার্মান ম্যানেজার টমাস টুখেলকে কোচের পদ থেকে অব্যাহতি দিয়েছে তারা।
২০১৮ সালের জুনে টুখেল দায়িত্ব নেন লিগ ওয়ানের দলটির। দুটি লিগ শিরোপা, ফ্রেঞ্চ কাপ এবং ফ্রেঞ্চ লিগ কাপ জিতিয়েছেন এই সময়ে।
টুখেলের অধীনেই নিজেদের ইতিহাসে প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে খেলে পিএসজি। গত মৌসুমে ইউরোপের ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বের মঞ্চে বায়ার্ন মিউনিখে কাছে ১-০ গোলে হেরে রানার্সআপ হয় দলটি।
বুধবার রাতে ঘরের মাঠে স্ত্রাসবুর্গকে ৪-০ গোলে হারিয়েছে পিএসজি। এর কয়েক ঘণ্টা পরই ৪৭ বছর বয়সী টুখেলের ছাঁটাইয়ের খবর এলো।
লিগে বর্তমানে তিন নম্বরে রয়েছে পিএসজি। শীর্ষে থাকা লিওঁর চেয়ে মাত্র এক পয়েন্ট পিছিয়ে। চ্যাম্পিয়ন্স লিগেও শেষ ষোলো নিশ্চিত করেছে দলটি। যেখানে প্রতিপক্ষ বার্সেলোনা।
বরুসিয়া ডর্টমুন্ডের সাবেক কোচ টুখেলের পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হতো এ মৌসুমের শেষে। ২০১৮ সালে দুই বছরের চুক্তিতে দলটিতে যোগ দেন তিনি। ২০১৯ সালের মে-তে এক বছরের চুক্তি বাড়িয়ে নেন। তবে সেই মেয়াদ শেষ করতে পারলেন না।
টটেনহ্যামের সাবেক কোচ মৌরিসিও পচেত্তিনো সাম্প্রতিক সময়ে পিএসজির সঙ্গে যোগাযোগ রাখছিলেন। ২০১৯ সালের নভেম্বরে টটেনহ্যামের কোচের চাকরি হারান ৪৮ বছর বয়সী। এরপর থেকেই বেকার রয়েছেন এই আর্জেন্টাইন।
পিএসজিতে ২০০১ থেকে ২০০৩ পর্যন্ত খেলা পচেত্তিনো টুখেলের স্থলাভিষিক্ত হতে পারেন বলে গুঞ্জন।