গবেষণা ও সমীক্ষার মান উন্নয়ন করতে হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে দেশকে সমৃদ্ধশালী গড়ার যে মহাপরিকল্পনা গ্রহণ করেছেন তা বাস্তবায়নে নদী গবেষণা ইনস্টিটিউটের (নগই) গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। প্রতিষ্ঠানটিকে আরও কার্যকর দেখতে চাই। নগইতে আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃত গবেষণা সমীক্ষা চালাতে হবে।

বৃহস্পতিবার ইনস্টিটিউটের হলরুমে প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

নগইর মহাপরিচালক মো. আলিমুদ্দিনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. রোকন উদ-দৌলা, জেলা পরিষদের চেয়ারম্যান সামসুল হক ভোলা, জেলা প্রশাসক অতুল সরকার ও পুলিশ সুপার মো. আলিমুজ্জামান।

নগইর বৈজ্ঞানিক কর্মকর্তাদের উদ্দেশে জাহিদ ফারুক বলেন, আপনারা গবেষণা ও সমীক্ষার মান উন্নয়ন করুন। আন্তর্জাতিক পরিমণ্ডলে স্বীকৃতি পায় এমন গবেষণা কর্ম আপনাদের করতে হবে।

টেকসই বাঁধ নির্মাণে জাপানের গৃহীত বিশেষ প্রযুক্তির ব্যাপারে নগইর গবেষকদের খোঁজখবর নেওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, সরকার প্রতি বছর বিপুল পরিমাণ টাকা খরচ করে বাঁধ নির্মাণ করে সেগুলো টেকসই হয় না কেন? কেন প্রতি বছরই বাঁধ ভেঙে যায়? এসব ব্যাপারে আপনাদের সমীক্ষা চালাতে হবে।’ দেশের বড় বড় নদীতে প্রতি বছর চর পড়ে নাব্য হ্রাস ও নৌপথ আটকে যাওয়ার বিষয়টি তুলে ধরে তিনি আরও বলেন, ‘একেক সময়ে একেক স্থানে কেন চর পড়ছে; বিষয়টি গবেষণা করে বের করুন।