মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পটকা মাছের বিষক্রিয়ায় একই পরিবারের দুজনের মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা বউ ও শাশুড়ি হন। গত বুধবার রাতে উপজেলার উত্তর ভাড়াউড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন সদর ইউনিয়নের উত্তর ভাড়াউড়া গ্রামের জয়নাল আবেদিনের স্ত্রী সাহিদা বেগম (৪০) ও তার ছেলের বউ নুরুন নাহার (২৯)। এ ঘটনায় নিহত নুরুন নাহারের সন্তান নাঈমকে (৯) গুরুতর অসুস্থ অবস্থায় শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রাতেই শ্রীমঙ্গল সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ভানুলাল রায়, সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুজ্জামান, শ্রীমঙ্গল থানার ওসি আবদুস ছালেক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাজ্জাদ হোসেন চৌধুরী বলেন, বুধবার রাতে উত্তর ভাড়াউড়া গ্রামে দুজন মানুষ ফুডপয়জনিংয়ে মারা গেছেন এবং একজন শিশু আমাদের হাসপাতালে ভর্তি। শিশুটি শঙ্কামুক্ত রয়েছে। আমরা জানতে পেরেছি তারা পটকা মাছ খেয়েছে।
সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল ও কমলগঞ্জ) সার্কেল আশরাফুজ্জামান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পুলিশ এ বিষয়ে কাজ করছে।