অপহরণের ৮ ঘণ্টা পর সিপিপিকর্মী উদ্ধার, আটক ১

কক্সবাজারের উখিয়ায় অপহরণের আট ঘণ্টা পর ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) স্বেচ্ছাসেবক মোহাম্মদ হোসেনকে (৩৬) উদ্ধার করা হয়েছে। গত বুধবার রাত ১টার দিকে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা তাকে উদ্ধার করেন। এদিকে সিপিপি সদস্য অপহরণে জড়িত সন্দেহে এক রোহিঙ্গা নেতাকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন কক্সবাজারের ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক এসপি হেমায়েতুর রহমান।

বুধবার বিকেল ৫টার দিকে শফিউল্লাহ কাটা ১৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্প থেকে সিপিপি কমিটির স্বেচ্ছাসেবক মোহাম্মদ হোসেনকে অপহরণ করা হয়।

এসপি হেমায়েতুর রহমান বলেন, গত বুধবার বিকেলে কথা কাটাকাটির জের ধরে উখিয়ার শফিউল্লাহ কাটা ক্যাম্প থেকে অজ্ঞাত রোহিঙ্গা সন্ত্রাসীরা সিপিপিকর্মী মোহাম্মদ হোসেনকে অপহরণ করে। পরে অপহরণকারীরা মোবাইলে তার স্বজনদের কাছে ২ কোটি টাকা মুক্তিপণ দাবি করে। খবরটি জানার পর হোসেনকে উদ্ধারে অভিযানে নামেন এপিবিএন সদস্যরা। রোহিঙ্গা ক্যাম্পসহ আশপাশের বিভিন্ন এলাকায় অভিযানের একপর্যায়ে বুধবার রাত ১টার দিকে শফিউল্লাহ কাটা রোহিঙ্গা ক্যাম্পে ডি-৪ ব্লক থেকে উদ্ধার করা হয় সিপিপি কমিটির এ স্বেচ্ছাসেবককে। উখিয়া থানার ওসি (তদন্ত) গাজী সালাউদ্দিন জানান, এ ঘটনায় আটক ওই ক্যাম্পের হেড মাঝি মোহাম্মদ তাহেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।