বাঁধনকে পরিচয় করিয়ে দিলেন সৃজিত

বুধবার জানা যায়, সৃজিত মুখার্জির ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’র মুশকান জুবেরী হচ্ছেন আজমেরী হক বাঁধন। কিন্তু নায়িকাকে পাওয়া যাচ্ছিল না নেটওয়ার্কে। একদিন বাদে পরিচালকই আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দিলেন থ্রিলার উপন্যাসের নায়িকাকে।

জনপ্রিয় লেখক মোহম্মদ নাজিম উদ্দিনের লেখা উপন্যাস ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’ অবলম্বনে তৈরি হচ্ছে এ সিরিজ। প্রচার হবে ওটিটি প্ল্যাটফর্ম হৈচৈ-এ।

কলকাতার আয়োজিত এক অনুষ্ঠানে দর্শকদের আগ্রহের অবসান ঘটিয়ে প্রকাশ্যে আনা হয় ছবির অভিনেতা ও চরিত্রগুলোর নাম ও লুক।

আগেই বলা হয়েছে মুশকান জুবেরীর চরিত্রে আছেন বাঁধন। সঙ্গে আছেন রাহুল বোস, অনির্বাণ ভট্টাচার্য, অঞ্জন দত্ত ও অনির্বাণ চক্রবর্তীর মতো ভারতীয় তারকারা।

গোয়েন্দা নিরুপম চন্দার চরিত্রে দেখা যাবে অভিনেতা রাহুল বোসকে। যিনি এই অখ্যাত রেস্তোরাঁ সম্পর্কিত মামলায় নিখোঁজ ব্যক্তির বিষয়ে তদন্ত করবেন।

আতর আলীর চরিত্রে অভিনয় করেছেন অনির্বাণ ভট্টাচার্য। প্রকাশ্যে আনা হয়েছে তার লুক। গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন অঞ্জন দত্ত। প্রকাশ্যে আনা হয়েছে তার লুকও।

অনুষ্ঠানে সৃজিত জানান, বাংলাদেশের অভিনেতা নিয়ে ঢাকায় সিরিজটির শুটিংয়ের ইচ্ছা ছিল তার। কিন্তু করোনার পরিস্থিতিতে আগের পরিকল্পনা বদলাতে হয়েছে।