বড়দিনে দুরন্ত টিভির যত আয়োজন

শিশুতোষ চ্যানেল দুরন্ত টিভি বড়দিন উপলক্ষে বিশেষ আয়োজন রেখেছে শুক্রবার। যার মধ্যে রয়েছে নাচের বিশেষ অনুষ্ঠান এবং মজার মজার সব সিনেমা।

প্রচার হবে বিশেষ নৃত্যানুষ্ঠান ‘আজি শুভদিনে’, পরিচালনা করছেন তোফায়েল সরকার। নৃত্য পরিবেশন করবে নৃত্য সংগঠন ‘কল্পতরু’র নৃত্যশিল্পী— রুদমিলা প্রিয়ন্তি চৌধুরী, নোহলী ইসলাস শ্রেয়া, সুমাইয়া আক্তার শোভা, আমিরা মাহমুদ, আনুদিয়া আনুভ, আবেয়া আকন্দ, মধুরিমা রয়সহ আরও অনেকে।

নাচের এই বিশেষ অনুষ্ঠানটি প্রচারিত হবে বিকেল ৫টায়।

থাকছে মজার মজার দুইটি সিনেমা- ‘লুক হু'স টকিং নাও’ এবং ‘ক্যাসপার’স হন্টেড ক্রিসমাস’।

মিকি ও জুলি দুই ভাই-বোন। ছোটবেলা থেকে দুজন একদম বড়দের মতো কথা বলতে পারতো। এ কারণে পরিবারে উত্তেজনার কমতি ছিল না। সেখানে যুক্ত হয় দুই নতুন সদস্য রক্স ও ড্যাফনি। ওদের নিয়ে ঘটতে থাকে মজার সব কাণ্ড। বাংলায় ভাষান্তরিত করে ‘লুক হু'স টকিং নাও’ প্রচারিত হবে বিকেল ৩টায়।

মজার ভূত ক্যাসপার কিছুতেই মানুষকে ভয় দেখাতে পারে না। মানুষকে সে বন্ধুভাবে। তাই ভূত জগতের প্রধান আদেশ করেছেন, যে করেই হোক কমপক্ষে একজনকে ভয় দেখাতেই হবে ক্যাসপারকে। তা না হলে তাকে অচেনা ভূতদের দেশে পাঠিয়ে দেওয়া হবে। ক্যাসপারের সাহায্যে এগিয়ে এসেছে তার মতো দেখতে আরেক ভূত স্পুকি।

মজার সিনেমা ‘ক্যাসপার’স হন্টেড ক্রিসমাস’ প্রচার হবে রাত ১০টায়।