লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্টে ২ জেলের মৃত্যু

লক্ষ্মীপুর সদর উপজেলায় জলাশয়ে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রুবেল হোসেন (৩২) ও শাকিল আহমদ (৩৫) নামে দুই জেলের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকালে উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের মিয়ারবেড়ী এলাকায় এ ঘটনা ঘটে। রুবেল স্থানীয় চরমনসা গ্রামের হোসেন আহমদের ছেলে ও শাকিল হোসেন একই বাড়ির ইদ্রিস আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মিয়ারবেড়ীর এলাকার ডা. স্বপনের জলাশয়ে মাছ ধরতে নামেন জেলেরা। এ সময় বিচ্ছিন্ন অবস্থায় পানিতে পড়ে থাকা বিদ্যুতের একটি লাইনের সঙ্গে জেলেদের জাল আটকা পড়ে। পরে ওই জাল খুলতে গিয়ে দুই জেলে বিদ্যুৎস্পৃষ্ট হলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। একপর্যায়ে কোনো সাড়া-শব্দ না পেয়ে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে তাদের উদ্ধার করে অন্য জেলেরা। 

লক্ষ্মীপুর সদর থানার ওসি আজিজুর রহমান মিয়া জানান, বিষয়টি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।