২১ বোতল বিয়ার উপহার পেতে যাচ্ছেন বর্তমানে ব্রাজিলিয়ান ক্লাব ফ্ল্যামেঙ্গোতে খেলা দিয়েগো আলভেস। কিন্তু এমন উপহারে হয়তো খুশি হবেন না তিনি। কারণ লিওনেল মেসির বিপক্ষে খেলে ২১ গোল হজম করায় এই উপহার পাবেন তিনি! ঠিকই পড়েছেন। মেসির অন্যতম স্পনসর প্রতিষ্ঠান বিয়ার উৎপাদন প্রতিষ্ঠান বাডওয়াইজার নিয়েছে এমন উদ্যোগ। মেসি বার্সেলোনার হয়ে ৬৪৪ গোল উদযাপন করেছেন বিপক্ষ গোলকিপারদের এই উপহার পাঠিয়ে।
মেসির কাছে গোল খেয়েছেন ১৬০ জন গোলরক্ষক। তাদের মধ্যে আছেন জিয়ানলুইজি বুফনও। তিনি ২০১৭-১৮ মৌসুমে মেসির জোড়া গোল হজম করেছিলেন জুভেন্তাসের গোলবারের নিচে দাঁড়িয়ে। বৃহস্পতিবারই বুফন পেয়ে গেছেন নিজের উপহার। গোল দুটি ছিল বার্সেলোনার জার্সিতে মেসির ৫১৪ ও ৫১৫তম। বুফন পেয়েছেন ৫১৪ ও ৫১৫ লেখা দুটি বোতল। ইন্টারনেট।