চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী রেজাউল করিম চৌধুরী বলেছেন, চট্টগ্রাম হবে এশিয়ার অন্যতম আকর্ষণীয় একটি মহানগর। সমন্বিত উদ্যোগ ও পরিকল্পনায় চট্টগ্রামকে আগামী প্রজন্মের জন্য একটি স্বাস্থ্যকর ও নান্দনিক মেগাসিটি হিসেবে গড়ে তুলতে চাই। নির্বাচনকে সামনে রেখে গতকাল শুক্রবার সকালে নগরীর ফিরিঙ্গি বাজারে এক মতবিনিময় সভায় একথা বলেন তিনি।
ফিরিঙ্গি বাজার দোভাষ হাউজে এ মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আলহাজ জহিরুল আলম দোভাষ। প্রধান বক্তা ছিলেন আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী। মেয়রপ্রার্থী রেজাউল করিম তার বক্তব্যে বলেন, সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী অবহেলিত চট্টগ্রামে উন্নয়নের অগ্রযাত্রার সূচনা করেছিলেন। আরেক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন নগরীকে সবুজে ভরে তুলে যে ‘সবুজ বিপ্লবে’র জয়যাত্রা রেখে গেছেন, তা আরও সামনে এগিয়ে নিয়ে যেতে চাই।