‘বিক্রম ভেদা’য় আমির খানের বদলে হৃতিক

২০১৭ সালের তামিল সুপারহিট সিনেমা ‘বিক্রম ভেদা’র হিন্দি সংস্করণে অভিনয় করতে যাচ্ছেন হৃতিক রোশন। এর আগে চরিত্রটি করার কথা ছিল আমির খানের। তবে পূর্ব ঘোষণা মতেই অন্য ভূমিকায় থাকছেন সাইফ আলী খান।

মূল ছবিতে সৎ পুলিশ অফিসার বিক্রম চরিত্রে ছিলেন আর মাধবন, বিপরীতে গ্যাংস্টার ভেদ হন বিজয় সেতুপতি। হিন্দিতে অভিনয় করবেন যথাক্রমে সাইফ ও হৃতিক।

চলতি বছরের প্রথমার্ধে ছবির শুটিং শুরুর কথা ছিল, কিন্তু হিসেব পাল্টে দেয় করোনা। এখন ছবিটিই ফেরালেন ‘মিস্টার পারফেকশনিস্ট’।

আনুষ্ঠানিক কোনো ঘোষণা না এলেও এর আগে আমিরের সঙ্গে পর্দার ভাগাভাগির কথা স্বীকার করেন সাইফ।

তামিল সংস্করণের মতোই বলিউড সিনেমাটি পরিচালনা করছেন গায়ত্রী পুস্কর। প্রযোজনা করছেন নীরাজ পাণ্ডে।

এর আগে শোনা যায়, হিন্দিতেও পুলিশ চরিত্রে থাকছেন মাধবন। অন্য চরিত্রের জন্য শাহরুখ খানকে প্রস্তাব দেওয়া হয়। কিন্তু ভেদা চরিত্রের সঙ্গে আগে করা সিনেমার মিল আছে— এ কারণ দেখিয়ে না করে দেন কিং খান।

এখন শোনা যাচ্ছে, প্রাথমিকভাবে গল্প পছন্দ হলেও চিত্রনাট্য চূড়ান্ত হওয়ার পর বেঁকে বসেছেন আমির খান। চিত্রনাট্য তাকে সন্তুষ্ট করতে পারছে না। এ কারণে সরে আসার সিদ্ধান্ত নেন।

এর আগে হৃতিকের ফিরিয়ে দেওয়া ‘থাগস অব হিন্দুস্তান’ করেছিলেন আমির খান। কিন্তু বলিউডের অন্যতম শীর্ষের বাজেটের সিনেমাটি বক্স অফিসে একদম সুবিধা করতে পারেনি।

২০০২ সালে ‘না তুম জানে না হাম’ ছবিতে পর্দা ভাগাভাগি করেন হৃতিক ও সাইফ। সবকিছু ঠিক থাকলে ‘বিক্রম ভেদা’র মাধ্যমে প্রায় দুই দশক পর একসঙ্গে দেখা যাবে তাদের।