সম্প্রতি মুক্তি পাওয়া ‘নবাব এলএলবি’ সিনেমায় অশালীন সংলাপ প্রয়োগের অভিযোগ তুলে বৃহস্পতিবার দিবাগতরাতে গ্রেপ্তার করা হয়েছে ছবিটির পরিচালক অনন্য মামুন ও অভিনেতা শাহীন মৃধাকে।
এদিকে পরিচালক ও অভিনেতা গ্রেপ্তারের পর থেকেই চাউর হয়ে উঠে ওই সিনেমার অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়াকেও আসামী করা হয়েছে ওই মামলায়, যেকোনো সময় গ্রেপ্তার হতে পারেন তিনি। শুধু তাই গুঞ্জন রটে স্পর্শিয়া পলাতক রয়েছেন।
এমন খবরের সত্যতা নিশ্চিত করতে যোগাযোগ করা হয় স্পর্শিয়ার সঙ্গে। দেশ রূপান্তরকে স্পর্শিয়া জানালেন তিনি আসামি কিনা তা জানা নেই তার। তিনি নিজ বাসাতেই আছেন, পালানোর কোনো প্রশ্নই উঠে না।
দেশ রূপান্তরকে স্পর্শিয়া বলেন, ‘যেটা শুনেছেন সেটা পুরোপুরিই ফেইক নিউজ। আমি মামলার আসামি হলে নিশ্চয় আমার বাসায় পুলিশ আসত, অথবা থানা থেকে ফোনও আসতে পারতো। কিন্তু এমন কিছুই ঘটেনি। আমি আমার নিজের বাসাতেই অবস্থান করছি। আর কোনো আইনি ব্যাপার যদি থাকেই তাহলে আমি আমার জায়গা থেকে অবশ্যই পুলিশকে সহায়তা করব।’
এদিকে পরিচালক অনন্য মামুন ও শাহীন মৃধাকে গ্রেপ্তারের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এ বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। তবে অভিনেতা শাহীন মৃধার জন্য আমার খারাপ লাগছে। কারণ তিনি ছোট্ট একটা চরিত্রে অভিনয় করেছেন। আর তাকে যে ডায়ালগ শেখানো হয়েছে তিনি তাই বলেছেন, এতে করে তার দোষ দেখি না। তার পরিবারের জন্যও আমার কষ্ট হচ্ছে।’
উল্লেখ্য, ২৪ ডিসেম্বর, বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে অনন্য মামুন ও শাহীন মৃধাকে গ্রেপ্তার করা হয়। ২৫ ডিসেম্বর, শুক্রবার দুপুরে তাদের আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক আবুল কালাম আজাদ।
আদালতে তদন্ত কর্মকর্তা রমনা থানায় দায়ের করা মামলার দুই আসামিকে কারাগারে আটক রাখার আবেদন করেন। ঢাকা মহানগর হাকিম মইনুল ইসলাম তাদের কারাগারে আটক রাখার আবেদন মঞ্জুর করেন।
সম্প্রতি মুক্তি পাওয়া ‘নবাব এলএলবি’ ছবিতে পুলিশকে নিয়ে অশালীন সংলাপ উপস্থাপনের অভিযোগে বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে ছবির পরিচালক অনন্য মামুনকে মিরপুরের বাসা থেকে আটক করে ডিবি। পরে তাকে রমনা থানায় দায়ের করা পর্নোগ্রাফি আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
অনন্য মামুন পরিচালিত ‘নবাব এলএলবি’চলচ্চিত্রের একটি দৃশ্যে ধর্ষণের শিকার এক নারীকে থানায় মামলা দাখিল করার জন্য যেতে দেখা যায়। ওই দৃশ্যে পুলিশের একজন এসআই (অভিনয় করেছেন শাহীন মৃধা) ওই নারীকে ধর্ষণ বিষয়ে বিভিন্ন প্রশ্ন করেন। এ নিয়ে আপত্তি জানিয়েছে পুলিশ।
ডিএমপির গোয়েন্দা বিভাগের সাইবার ক্রাইম ইউনিটের পরিদর্শক মো. নসিরুল আমিন গণমাধ্যমকে জানান, রাজধানীর রমনা থানায় পর্নোগ্রাফি আইনে অনন্য মামুন ও শাহীন মৃধার বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়েছে। মামলা নম্বর ১০১। মামলার বাদী ডিএমপি সাইবার ক্রাইম ইউনিটের পুলিশ পরিদর্শক মো. নসিরুল আমিন।
পরিচালক অনন্য মামুন (বামে) অভিনেতা শাহীন মৃধা (ডানে)
১৬ ডিসেম্বর মুক্তি পাওয়া নবাব এলএলবি ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, মাহিয়া মাহি, অর্চিতা স্পর্শিয়া ও শহীদুজ্জামান সেলিম। প্রযোজনা করেছে সেলিব্রেটি প্রোডাকশন। ডিজিটাল প্ল্যাটফর্ম আই থিয়েটারে ছবিটির প্রথম অংশ মুক্তি পেলেও দ্বিতীয় অংশ মুক্তি পাবে ১লা জানুয়ারি। এভাবে সিনেমা মুক্তি দেওয়ায় পরিচালকের উপর ক্ষোভ প্রকাশ করেছেন ছবির কলাকুশলীরাও।