অনুমতি ছাড়া সড়ক খোঁড়ায় জিডি করল ডিএনসিসি

অনুমতি ছাড়া রাস্তা খোঁড়ার অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে ঢাকা উত্তর সিটি করপোরেশন। ৫ মাস আগে সংস্কার করা উত্তরা ৭ নম্বর সেক্টরের রাস্তা বিনা অনুমতিতে খুঁড়ে ফেলে ঢাকা ওয়াসা নিয়োজিত ঠিকাদার।  এর বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে ডিএনসিসি। 

শনিবার সকালে ঢাকা উত্তর সিটি করপোরেশেনের (ডিএনসিসি) অঞ্চল–১–এর প্রকৌশল বিভাগের কার্যসহকারী সোলায়মান কবীর জিডিটি করেন।

এতে বলা হয়, ডিএনসিসির ১ নম্বর ওয়ার্ডের উত্তরা ৭ নম্বর সেক্টরে নতুন উন্নয়ন করা ৯/বি, ১৩ ও ৩৪ নম্বর সড়ক শনিবার বিনা অনুমতিতে খোঁড়া হয়েছে। ঢাকা ওয়াসার নিয়োজিত ঠিকাদার রাস্তা খুঁড়ে ভূগর্ভস্থ পানির লাইন স্থাপনের কাজ করছেন। এতে ডিএনসিসি রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে। জনসাধারণ ও যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তপন চন্দ্র সাহা বলেন, অনুমতি ছাড়া সড়ক খুঁড়ে ফেলায় সিটি করপোরেশন ওয়াসার এক ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে জিডি করেছে। সিটি করপোরেশন রাজস্ব হারাচ্ছে বলে উল্লেখ করেছে।

সিটি করপোরেশন এলাকায় সড়ক খোঁড়াখুঁড়ির কারণে জনগণের ভোগান্তি কমাতে ‘ঢাকা মহানগরীর সড়ক খনন নীতিমালা-২০১৯’ করা হয়েছে। ঢাকার দুই সিটি করপোরেশন ছাড়াও ঢাকা ওয়াসা, তিতাস গ্যাস, ডিপিডিসি, ডেসকো, বিটিসিএলের মতামত ও সুপারিশ নিয়ে নীতিমালাটি চূড়ান্ত করা হয়।

সড়ক খনন নীতিমালা অনুযায়ী, কোনো সড়কের পুরোটা একসঙ্গে খোঁড়া যাবে না। মাসের পর মাস একটানা কোনো সড়ক খোঁড়া যাবে না। ১৫ দিনকে কয়েকটি ভাগে ভাগ করে কাজ করতে হবে। তবে বিশেষ ক্ষেত্রে ৩০ দিনের খনন কাজের জন্য অনুমতি দেওয়া হবে। বিভিন্ন সংস্থা থেকে নিয়োজিত ঠিকাদারদের চুক্তিতে নীতিমালার সব শর্ত মেনে চলার বাধ্যবাধকতা যুক্ত থাকবে। নীতিমালার কোনো শর্তের ব্যত্যয় হলে ঠিকাদারকে জরিমানা বা শাস্তি দেওয়া হবে।