দেশে মেগা প্রজেক্টের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট হচ্ছে বলে অভিযোগ করেছে যুব ইউনিয়ন। শনিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশ থেকে এমন অভিযোগ করে যুব ইউনিয়ন। সরকারি শূন্যপদে নিয়োগ, আউটসোর্সিং নিয়োগ বাণিজ্য বন্ধ ও ঘুষ ছাড়া চাকরির দাবিতে এ সমাবেশ করে ঢাকা মহানগর দক্ষিণ যুব ইউনিয়ন ।
সমাবেশে যুব ইউনিয়ন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক খান আসাদুজ্জামান মাসুম বলেন , দেশে কর্মহীন মানুষের সংখ্যা চার কোটি ৮২ লাখ ৮০ হাজার। বিশ্বব্যাংকের হিসাব অনুযায়ী দেশে বেকারত্ব ১৪ দশমিক শূন্য দুই শতাংশ। দেশে সরকারি অনুমোদিত শূন্য পদ তিন লাখ ৯৯ হাজার ৮৯৭। প্রতি বছর ২২ লাখ কর্মক্ষম মানুষ শ্রমবাজারে প্রবেশ করে কিন্তু কাজ পায় সাত লাখ, তাহলে প্রতি বছর ১৫ লাখ মানুষ বেকারত্বের অভিশাপে পড়ছে।
মেগা প্রজেক্টের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট হচ্ছে অভিযোগ করে মাসুম বলেন, দেশে চলছে উন্নয়নের জোয়ার। পদ্মা সেতু, রূপপুর পারমাণবিক প্রকল্পর নামে হাজার কোটি টাকা খরচ হচ্ছে।
ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি গোলাম রাব্বী খান বলেন, দেশে বন্ধ হওয়া ২২টি পাটকলের ২৪ হাজার শ্রমিক এক দিনেই বেকার হয়েছে। এবার সরকার নেমেছে চিনি শিল্প ধ্বংস করতে। আধুনিকায়ন না করে সরকার ক্ষতির অজুহাতে একের পর এক শিল্প কারখানা বন্ধ করছে। অপরদিকে দেশের বেসরকারি পাটকল, চিনিকল উৎপাদনে আলাদিনের চেরাগের দৈত্য হচ্ছে। তাদের উৎপাদন লাগাম ছাড়া।
তিনি বলেন, সরকার দেশে বেকার সমস্যা সমাধান না করে সংকট আরো ঘনীভূত করে তুলছে। দিন দিন বেকার যুবকরা কাজ হারাচ্ছে, বিপথে যাচ্ছে। এই সর্বগ্রাসী সংকট সমাধান সরকারকে করতে হবে। দেশের যুব সমাজকে কাজ দিতে হবে। যুব ইউনিয়নের দাবি মেনে নিয়ে তার বাস্তবায়ন করতে হবে নয়তো কোটি যুবককে সঙ্গে নিয়ে দুর্বার আন্দোলন ও সংগ্রাম গড়ে তোলা হবে।
সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন যুব ইউনিয়ন দক্ষিণের সাধারণ সম্পাদক শাহীন ভূইয়া, সাংগঠনিক সম্পাদক জীবন কুমার সাহা, শাহাদাৎ হোসেন, মাহমুদুল হাসান রামিম, জাহিদ নগর, রফিজুল ইসলাম প্রমুখ।