রেলপথমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন বলেছেন, যারা ধর্মের দোহাই দিয়ে দেশকে পিছিয়ে দিতে চায়, তাদের ব্যাপারে আমাদের সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে। আমাদের নবী করীম (সা.)-এর সময়ে মোবাইল ছিল না, মাইক ছিল না। তখনো এক শ্রেণির মৌলভী বলেছিল, ইংরেজি শিক্ষা হারাম, ছবি তোলা হারাম। তখনো ফতোয়া দিয়েছিল মাইক ব্যবহার করা যাবে না। কিন্তু প্রযুক্তির যে ব্যবহার এটার কোথাও কোনো বাধা নেই। কাজেই আমরা ধর্মের কথা বলে যে কাজগুলো করছি, এগুলো প্রায়োগিকের সঙ্গে কোনো সামঞ্জস্য নেই। কাজেই প্রযুক্তির ব্যবহারকে কাজে লাগাতে হবে।
শনিবার দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলার ময়দানদিঘি এলাকায় ঢাকা-বাংলাবান্ধা সড়কের পঞ্চগড় অংশে প্রায় ১১ কিলোমিটার সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী আরও বলেন, উন্নত দেশের মতো চলবে ট্রেন। ঘণ্টায় দেড়শ থেকে দুই শ কিলোমিটার বেগে ছুটবে ট্রেন। দ্রুত সময়ের মধ্যে পঞ্চগড় থেকে ঢাকা যাতায়াত করতে পারবে মানুষ। সকালে যাবেন, সন্ধ্যায় বাড়ি ফিরবেন। তিন থেকে চার ঘণ্টার মধ্যে পঞ্চগড় থেকে ঢাকা যাতায়াত করতে পারবেন। সে লক্ষে¨ই সরকার কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, রেলপথের পাশাপাশি পঞ্চগড় থেকে ঢাকা পর্যন্ত ছয় লেন সড়কের কাজ শেষ হলে যোগাযোগব্যবস্থা আরও সহজ হয়ে উঠবে। এ এলাকার মানুষ সকালে ঢাকা পৌঁছে কাজ সেরে আবার বিকেলে বাড়ি ফিরতে পারবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহাপরিকল্পনা নিয়ে দেশকে সব দিক থেকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। কিন্তু কিছু মানুষ ধর্মের নামে বিভিন্ন বিভ্রািন্ত ছড়াচ্ছে। তারা ধর্মের ফতোয়া দিয়ে মানুষের মাঝে বিভেদ তৈরি করছে। প্রায় ২৫ কোটি টাকা ব্যয়ে ঢাকা-বাংলাবান্ধা সড়কের পঞ্চগড় অংশে প্রায় ১১ কিলোমিটার সড়ক প্রশস্ত করা হবে। বর্তমান ১৮ ফুট সড়কটির দুই পাশে ৫ ফুট করে প্রশস্ত করা হবে।
পরে মন্ত্রী ময়দানদিঘি দ্বিমুখী উচ্চবিদ্যালয় ও ময়দানদিঘি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের উদ্বোধন করেন।
এ সময় সওজের রংপুর অঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মনিরুজ্জামান, জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, অতিরিক্ত জেলা প্রশাসক আবদুল মান্নান, পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, সওজ দিনাজপুর সড়ক সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সরুজ মিয়া, বোদা উপজেলা চেয়ারম্যান ফারুক আলম টবি, বোদা পৌর মেয়র ওয়াহিদুজ্জামান সুজা, পঞ্চগড় আদালতের পিপি আমিনুর রহমান এবং পঞ্চগড় সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী ফিরোজ আখতার উপস্থিত ছিলেন।