ওয়ানডে ক্রিকেট ইতিহাসের প্রথম ম্যান অব দ্য ম্যাচ জন এডরিচ আর নেই। ৮৩ বছর বয়সে শুক্রবার পৃথিবীর মায়া ত্যাগ করেছেন ইংল্যান্ডের সাবেক এই ব্যাটসম্যান। ১৯৭১ সালে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড খেলে ইতিহাসের প্রথম ওয়ানডে। মেলবোর্নের ওই ম্যাচে ৮২ রানের দারুণ এক ইনিংস খেলেছিলেন এডরিচ। যদিও স্বাগতিকদের বিপক্ষে হেরে গিয়েছিল ইংলিশরা, তবে দুর্দান্ত ব্যাটিং পারফরম্যান্সের জন্য ম্যাচসেরার পুরস্কার দেওয়া হয় এডরিচকে।
১৯৬৩ থেকে ১৯৭৬ সাল পর্যন্ত এডরিচ ইংল্যান্ডের হয়ে ৭৭ টেস্ট ও ৭ ওয়ানডে খেলেছেন। টেস্টে ৪৩.৫৪ গড়ে ৫১৩৮ ও ওয়ানডেতে ৩৭.১৬ গড়ে ২২৩ রান করেছেন তিনি। টেস্টে ১২টি সেঞ্চুরি ও ২৪টি ফিফটি রয়েছে নামের পাশে। ক্যারিয়ারসেরা ৩০১ রানের অপরাজিত ইনিংসটিতে তিনি গড়েছিলেন অনন্য এক রেকর্ড, যা টিকে আছে এখনো। ১৯৬৫ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলা ওই ইনিংসে ৫২টি চার মেরেছিলেন এডরিচ। টেস্ট ইতিহাসে এক ইনিংসে ৫০টি চার নেই আর কারও। ফার্স্ট ক্লাসে ১০০ সেঞ্চুরি করা ২৫ ব্যাটসম্যানের একজন এডরিচ। অ্যাশেজ সিরিজে ইংল্যান্ডের পঞ্চম সর্বোচ্চ রান (২৬৪৪) সংগ্রাহক বাঁহাতি এই ব্যাটসম্যান।