নিউজিল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলা ক্রিকেটার এখন রস টেইলর। পাকিস্তানের বিপক্ষে গতকাল শুরু বক্সিং ডে টেস্টের একাদশ ঘোষণার পরই নিশ্চিত হয়ে যায় টেইলরের এই মাইলফলক। সব ধরনের ফরম্যাট মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে নিউজিল্যান্ডের হয়ে এটি ছিল তার ৪৩৮তম ম্যাচ। টপকেছেন তিনি ড্যানিয়েল ভেট্টরিকে (৪৩৭)।
দিন শেষে টেইলর বলেছেন, ‘প্রতিবার নিজের দেশকে প্রতিনিধিত্ব করাটা বিশেষ মুহূর্ত। ৪০০ এর বেশিবার প্রতিনিধিত্ব করা এবং যে রেকর্ডের অধিকারী হলাম, বলতে গেলে এর জন্য খেলি না। তবে এটি (সবচেয়ে বেশি ম্যাচ) করতে পেরে ভালো লাগছে এবং এটি বিশেষ কিছু। সকাল বেলায়ই দল এবং বিজে (ওয়াটলিং) এর থেকে দারুণ কিছু কথা শুনেছি। আমার কাছে মনে হচ্ছিল শততম টেস্টের মতো। ব্যাট করতে যখন যাই সবাই দাঁড়িয়ে অভ্যর্থনা জানায়। আমি শুনিনি মাঠে কী বলা হচ্ছিল, আমার মনে হয় দর্শকদের বলা হচ্ছিল আমার মাইলফলকের কথা। কারণ তারা বিষয়টি জানত না।’
মাইলফলকের দিনে ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন টেইলর। দল ১৩ রানে ২ উইকেট হারানোর পর কেন উইলিয়ামসনের সঙ্গে ১২০ রানের জুটি গড়েন তিনি। তবে সেঞ্চুরি পূরণ করতে পারেননি। আউট হন ৭০ রানে। এটি টেইলরের ক্যারিয়ারে ১০৪তম টেস্ট ম্যাচ। এছাড়াও সাবেক অধিনায়ক ২৩২ ওয়ানডে ও ১০২ টি-টোয়েন্টি খেলেছেন।