‘সালাহ লিভারপুল ছাড়বে কেন ’

লিভারপুলের গেল মৌসুমে লিগ শিরোপা জয় এবং তার আগের মৌসুমে চ্যাম্পিয়নস লিগ জয়ে বড় ভূমিকা ছিল মোহামেদ সালাহর। সম্প্রতি স্প্যানিশ গণমাধ্যম এএসকে দেওয়া এক সাক্ষাৎকারে স্পেনের দুই জায়ান্ট ক্লাব বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের প্রশংসা করেন এই মিসরীয় ফরোয়ার্ড। এরপর থেকেই ব্রিটিশ গণমাধ্যমগুলোতে খবর লিভারপুল ছাড়তে পারেন তিনি। তবে দলটির কোচ ইয়ুর্গেন ক্লপ সালাহর লিভারপুল ছাড়তে চাওয়ার কোনো কারণ দেখছেন না। তবে যেতে চাইলে ধরে রাখতে জোর করা হবে না বলেও জানিয়ে দিয়েছেন জার্মান এই কোচ।

আজ লিগে লিভারপুলের ম্যাচ ওয়েস্ট ব্রুমের বিপক্ষে। তার আগে সংবাদ সম্মেলনে সালাহ সম্পর্কে প্রশ্নের মুখে পড়েন ক্লপ। উত্তরে ক্লপ বলেন, ‘আমার মনে হয় সালাহর এই মুহূর্তে লিভারপুল ছাড়তে চাওয়ার একমাত্র কারণ হতে পারে আবহাওয়া। এই ছাড়া আর কী কোনো কারণ থাকতে পারে? এটি বিশ্বের অন্যতম বড় একটি ক্লাব, আমরা ভালো অর্থ দিচ্ছি...অসাধারণ সমর্থকদের সঙ্গে আমাদের দারুণ একটি স্টেডিয়াম আছে।’ কেউ যেতে চাইলে তাকে বাধা দেওয়া হবে না বলেও জানিয়ে দেন ক্লপ, ‘কাউকে থাকতে জোর করা যায় না। আপনি পরিবর্তন আনবেন এবং খেলোয়াড় দলে টানবেন। কেউ যেতে চাইলে অবশ্যই আমরা তাকে আটকে রাখতে পারি না। তবে আমি বুঝতে পারছি না কেন কেউ যেতে চাইবে।’

ক্লপের কাছে মনে হয় সালাহ (দলবদল) সম্পর্কে ব্রিটিশ মিডিয়াগুলোর খবর ভিত্তিহীন। তার মতে, বিশ্বের যেকোনো ফুটবলার বার্সা ও রিয়ালের প্রশংসা করবে এটাই স্বাভাবিক। ‘বার্সেলোনা বা রিয়াল মাদ্রিদে খেলছে না এমন যেকোনো খেলোয়াড়কে এই দুই দলে খেলার ইচ্ছে আছে কি-না, জিজ্ঞেস করলে সে কী বলবে ‘না, স্প্যানিশ ফুটবল আমার জন্য নয়।’

 সে কেন এটা বলবে?’

চ্যাম্পিয়নস লিগে সালাহ লিভারপুলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা। এই মৌসুমে লিগে ১৩ গোল করে আছেন শীর্ষে (শুক্রবার পর্যন্ত)। গেল দুই মৌসুমে দল কোনো না কোনো শিরোপা জিতেছে।