শৌচাগার না থাকায় কিডনি রোগে আক্রান্ত হন ট্রাফিক পুলিশ সদস্যরা

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেছেন, সড়কে যেকোনো ধরনের দুর্ঘটনা বা অপরাধের ক্ষেত্রে প্রথমে এগিয়ে আসে ট্রাফিক পুলিশ। দুর্ঘটনার শিকার ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসাসেবা দেওয়াসহ হাসপাতালে পাঠানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে তারা। অথচ প্রাকৃতিক দুর্যোগসহ ঝড়ুবৃষ্টির সময় আশ্রয় নেওয়ার মতো তাদের কোনো জায়গা থাকে না।

 এ ছাড়া প্রাকৃতিক কার্যাবলি সম্পাদনের জন্য প্রয়োজনীয় শৌচাগার না থাকায় তারা কিডনি রোগসহ বিভিন্ন রোগে আক্রান্ত হন।

শনিবার রাজধানীর শান্তিনগর মোড়ে ট্রাফিক পুলিশ বক্স ও নাগরিক সেবাকেন্দ্র উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার আরও বলেন, এসব দিক বিবেচনায় সিটি করপোরেশনের সঙ্গে আলোচনাক্রমে ফ্লাইওভারগুলোর নিচে অব্যবহৃত স্থানে এ ধরনের ট্রাফিক পুলিশ বক্স ও নাগরিক সেবাকেন্দ্র স্থাপন করা যেতে পারে।

 এ সময় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) কৃষ্ণপদ রায়, অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) এ কে এম হাফিজ আক্তার, যুগ্ম পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর), অতিরিক্ত দায়িত্বে অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আব্দুর রাজ্জাকসহ অনেকে উপস্থিত ছিলেন।

পুলিশ কর্মকর্তারা জানান, মতিঝিল ট্রাফিক বিভাগের প্রতিটি ট্রাফিক বক্সে ফার্স্ট এইড বক্স, অগ্নিনির্বাপক যন্ত্র, স্ট্রেচার, সুপেয় পানিসহ অন্যান্য সরঞ্জামের ব্যবস্থা রাখা হবে। রাস্তায় আহত বা দুর্ঘটনাকবলিত নাগরিকরা ট্রাফিক পুলিশ বক্স ও নাগরিক সেবাকেন্দ্রে প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসাসেবা পাবেন। ট্রাফিক মতিঝিল বিভাগে ২০টি ইন্টারসেকশনে স্থাপিত ট্রাফিক পুলিশ বক্স নগরবাসীকে ট্রাফিক শৃঙ্খলার পাশাপাশি মানবিক সহায়তায় এগিয়ে আসবে। ট্রাফিক মতিঝিল বিভাগের প্রতিটি ট্রাফিক পুলিশ বক্স হবে একটি সেবাকেন্দ্র।