জগন্নাথ বিশ্ববিদ্যালয়

ডেটাপ্যাকের সুবিধা পাচ্ছেন না শিক্ষার্থীরা

অনলাইন শিক্ষা কার্যক্রম নিশ্চিতকরণে রবির ফ্রি ডেটাপ্যাক সুবিধা নিয়ে বিড়ম্বনায় পড়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।  মোবাইল ফোন অপারেটর রবির সঙ্গে চুক্তি অনুযায়ী ১৯৯ টাকায় ৩০ জিবি দেওয়ার কথা থাকলেও সেবাটি পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা। তারা বলছেন, ডেটাপ্যাক সুবিধার জন্য নতুন সিম কিনে রেজিস্ট্রেশন করার পরও ফিরতি বার্তা না আসা, আইটি অফিসে যোগাযোগ করে সমাধান না পাওয়াসহ বিশ্ববিদ্যালয় থেকে ভর্তুকি দেওয়ার কথা থাকলেও সেটি ফেরত পাওয়া যাচ্ছে না।

গত ৪ নভেম্বর জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন ও রবির মধ্যে চুক্তি হয়। বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ড. কামালউদ্দীন আহমদ এবং রবির চিফ এন্টারপ্রাইজ বিজনেস অফিসার আদিল হোসেন নোবেল চুক্তিতে সই করেন।

চুক্তি অনুযায়ী শিক্ষার্থীরা ১৯৯ টাকার ৩০ জিবি ডেটা প্যাকেজের মধ্যে ৯৯ টাকা প্রদান করবেন এবং বাকি ১০০ টাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রবিকে সরাসরি প্রদান করবে। এই চুক্তির আওতায় শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা এই সুবিধা উপভোগ করবেন। করোনা পরিস্থিতিতে শিক্ষার্থীদের সুবিধার বিষয় বিবেচনা করে দেশের যেকোনো প্রান্ত থেকে রবির সেবাকেন্দ্রে গিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা পরিচয়পত্র দেখিয়ে এ স্পেশাল প্যাকেজ নিতে পারবেন। প্যাকেজটির মেয়াদ আগামী ৫ জানুয়ারি শেষ হবে। কিন্তু এই চুক্তির দেড় মাস শেষ হলেও ডেটাপ্যাকটির সুবিধা পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেছেন একাধিক শিক্ষার্থী।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান বলেন, ‘এ রকম কোনো অভিযোগ আমি পাইনি। অর্থ দপ্তরে যোগাযোগ করো। তবে আইটি সংক্রান্ত জটিলতার জন্য শিক্ষার্থীরা আইটি দপ্তরে যোগাযোগ করতে পারে।’ এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ড. কামালউদ্দীন আহমদকে একাধিকবার ফোন করেও সাড়া পাওয়া যায়নি।