‘দেশের আইন প্রণয়নে কৃষকদের প্রতিনিধিত্ব নেই’

জাতীয় অর্থনীতিতে কৃষক ও কৃষি খাত বিরাট অবদান রাখলেও দেশের রাজনীতি ও নীতিনির্ধারণে তার প্রতিফলন নেই বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেছেন, সরকারসহ সবাই উৎপাদনশীলতার জন্য কৃষকদের প্রশংসা করে, কিন্তু তাদের প্রয়োজনীয় আর্থিক প্রণোদনা ও সহযোগিতা দেয় না।

গতকাল শনিবার জাতীয় প্রেস ক্লাবে বিপ্লবী কৃষক সংহতির কেন্দ্রীয় কাউন্সিল উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সাইফুল হক বলেন, কৃষিবাজার কৃষি উৎপাদকদের নিয়ন্ত্রণে না থাকায় ফসলের লাভজনক মূল্য থেকে কৃষকরা বঞ্চিত হয়ে আসছেন। উৎপাদক চাষিরা কিনতেও ঠকেন আবার বেচতেও ঠকেন। বাম্পার উৎপাদনের জন্য কৃষকদের পুরস্কৃত না করে পরোক্ষভাবে তাদের ঠকিয়ে শাস্তি দেওয়ার ব্যবস্থা করা হয়। অপরিকল্পিত উন্নয়ন  ও নগরায়ণে ফসলি কৃষিজমি ধ্বংস হচ্ছে। সরকারের ছত্রছায়ায় থেকে ভূমিগ্রাসীরাও কৃষিজমি নষ্ট করছেন। তিনি বলেন, খাদ্য উৎপাদনে আমাদের ১০০ ভাগ স্বাবলম্বিতা প্রয়োজন।

 তিনি বলেন, প্রয়োজনীয় পরিকল্পনা ও নীতি-কৌশলের অভাবে ও লুটেরা পুঁজিপতিদের দৌরাত্ম্যে আজ পাটচাষি-আখচাষিসহ কৃষিভিত্তিক শিল্প মহাসংকটে নিমজ্জিত হয়েছে। এদের হাত থেকে পাট ও চিনিশিল্পসহ কৃষি রক্ষা করা আজ জাতীয় কর্তব্য হয়ে দাঁড়িয়েছে।