পঞ্চগড়ে রেলপথমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন বলেছেন, যারা ধর্মের দোহাই দিয়ে দেশকে পিছিয়ে দিতে চায়, তাদের ব্যাপারে আমাদের সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে। আমাদের নবী করীম (সা.)-এর সময়ে মোবাইল ছিল না, মাইক ছিল না। তখনো এক শ্রেণির মৌলভী বলেছিল, ইংরেজি শিক্ষা হারাম, ছবি তোলা হারাম। তখনো ফতোয়া দিয়েছিল মাইক ব্যবহার করা যাবে না। কিন্তু প্রযুক্তির যে ব্যবহার এটার কোথাও কোনো বাধা নেই। কাজেই আমরা ধর্মের কথা বলে যে কাজগুলো করছি, এগুলো প্রায়োগিকের সঙ্গে কোনো সামঞ্জস্য নেই। কাজেই প্রযুক্তির ব্যবহারকে কাজে লাগাতে হবে। গতকাল শনিবার দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলার ময়দানদিঘি এলাকায় ঢাকা-বাংলাবান্ধা সড়কের পঞ্চগড় অংশে প্রায় ১১ কিলোমিটার সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী আরও বলেন, উন্নত দেশের মতো চলবে ট্রেন। ঘণ্টায় দেড়শ থেকে দুই শ কিলোমিটার বেগে ছুটবে ট্রেন। দ্রুত সময়ের মধ্যে পঞ্চগড় থেকে ঢাকা যাতায়াত করতে পারবে মানুষ। সকালে যাবেন, সন্ধ্যায় বাড়ি ফিরবেন।