বাংলাদেশের ফাঁসির আসামি ভারতে গ্রেপ্তার (ভিডিও)

বাংলাদেশে একজনকে খুন করে মৃত্যুদণ্ডের সাজা মাথায় নিয়ে ভারতে পালিয়ে গিয়েও নিজেকে বাঁচাতে পারলেন না মাসুম। শনিবার তাকে গ্রেপ্তার করেছে দিল্লির স্পেশাল টাস্ক ফোর্স।

ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টিভি জানিয়েছে, মাসুম বাগেরহাটের মধ্য নলবুনিয়া বাজার নামের একটি এলাকায় জাহিদুল ইসলাম নামের একজনকে খুন করেন। সহযোগীদের নিয়ে জাহিদুলকে মোবাইলের দোকান থেকে অপহরণ করে নৃশংসভাবে মেরে ফেলে রাখেন।

পরের দিন নলবুনিয়ার একটি মাঠে জাহিদুলের লাশ পাওয়া যায়।

প্রতিবেদনে বলা হয়েছে, ওই সময় সব অভিযুক্তকে বাংলাদেশ পুলিশ গ্রেপ্তার করেছিল।

২০১৩ সালের শুনানিতে বাগেরহাটের বিচারক মাসুমকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেন। অন্য আসামিরা খালাস পেয়ে যান।

কিন্তু মাসুম পরে জামিন নিয়ে বের হতে সক্ষম হন। এরপর পালিয়ে যান ভারতে। আর কখনোই দেশে ঢোকেননি।

দিল্লি পুলিশ বলছে, গোপন সংবাদের ভিত্তিতে মাসুমকে কানপুর টি-পয়েন্ট থেকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তার কাছে একটি পিস্তল পাওয়া যায়।

তার নামে এফআইআর দায়ের হয়েছে।

পুলিশ জানিয়েছে, বিভিন্ন দেশ থেকে পালিয়ে আসা অপরাধীদের ধরতে দিল্লিতে কয়েক মাস ধরেই এমন অভিযান চলছে।