জনপ্রিয় অভিনেতা ফারুক আহমেদ ও কলাকুশলীরা একটি নতুন নাটকের শুটিংয়ের জন্য বিমানে করে কক্সবাজার যাচ্ছিলেন। কিন্তু যান্ত্রিক গোলযোগের কারণে বিমানটি পুনরায় ফিরে আসে ঢাকায়। অল্প থেকে মৃত্যুর হাত থেকে ফিরে এসে শ্বাসরুদ্ধকর সেই ঘটনার বর্ণনা দিলেন অভিনেতা ফারুক।
সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেন, ‘সকাল ৮ টার ফ্লাইট। নভোএয়ারে যাচ্ছি কক্সবাজার শুটিংএ। আমি আর কচি খন্দকার। কচি ভাইয়ের স্ক্রিপ্ট। পরিচালনায় সাগর জাহান। প্রায় নির্দিষ্ট সময়ে উড়োজাহাজ উড়াল দিলো। আমরা দুজন খুশি এই ভেবে যে সঠিক সময়ে কক্সবাজার পৌঁছানো যাবে। ২৫ মিনিট উড়ার পর হঠাৎ ক্যাপ্টেনের গম্ভীর গলায় ঘোষণা-‘যান্ত্রিক গোলযোগের কারণে বিমানটি কক্সবাজার যেতে পারছে না। আমরা পুনরায় ঢাকায় ল্যান্ড করবো। সিট বেল্ট বেঁধে আপনারা নিজ নিজ আসনে বসুন। আল্লাহ আমাদের সহায় হোক।’ ক্যাপ্টেনের এই ঘোষণার পর আমি আর কচি ভাই পাথরের মূর্তি হয়ে সিটে বসে রইলাম। উড়োজাহাজটি তখন নানারকম উদ্ভট শব্দ করে আকাশে উড়ছে। কোন দিকে যাচ্ছে বুঝতে পারছিনা। মনের ভিতর তীব্র ভীতি কাজ করছে। প্রতি মুহূর্তে মনে হচ্ছে এই বুঝি জীবনের সব আয়োজন, সব খেলা শেষ হয়ে যাবে। প্রায় ৩০ মিনিট পর পাইলটের দক্ষতায় উড়োজাহাজটি পুনরায় ঢাকা এয়ারপোর্টে ল্যান্ড করলো। মনে হলো আমি নতুন জীবন ফিরে পেয়েছি। এক অজানা আনন্দানুভূতি আমার শরীরে শিহরণ জাগিয়ে তুললো। মাত্র কিছুক্ষণ আগে ঘটে যাওয়া যে ঘটনা তা আমার কাছে স্বপ্ন মনে হলো। ৩০ মিনিট পর নভোএয়ারের আর একটি বিমান পুনরায় আমাদের নিয়ে ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওয়ানা করলো এবং আমরা সকাল ১০ টা ৮ মিনিটে কক্সবাজার পৌঁছালাম। এখন আমরা কক্সবাজারে শুটিং করছি। টানা ৩ দিন শুটিং। তারপর ঢাকায় ফিরবো।’