‘টিকটক স্টার’ বানানোর লোভ দেখিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ

গাজীপুরে ‘টিকটক স্টার’ বানানোর প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে (১৩) দল বেঁধে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গত শনিবার ঢাকা থেকে শিশির (১৮) ও জুনায়েদ (১৯) নামে দুই তরুণকে গ্রেপ্তার করে পুলিশ। নির্যাতিতার স্বজনদের ভাষ্য, অভিযুক্তদের সঙ্গে ফেইসবুকে পরিচয় হয় ওই ছাত্রীর। টিকটক স্টার বানানোর কথা বলে গত বুধবার মেয়েটিকে বাড়ি থেকে ঢাকায় নিয়ে যায় অভিযুক্তরা। এরপর সেখানকার একটি কক্ষে আটকে রেখে তাকে দল বেঁধে ধর্ষণ করে তারা। 

টঙ্গী পূর্ব থানার এসআই জিয়া জানান, বাড়ি থেকে বের করে মেয়েটিকে ঢাকার গে-ারিয়া এলাকায় নিয়ে যায় শিশির, জুনায়েদ ও অজ্ঞাত পরিচয় আরও একজন। এরপর সেখানকার একটি কক্ষে তিন দিন আটকে রেখে তাকে ধর্ষণ করে তারা। অভিযোগ পেয়ে শনিবার রাজধানীর হাতিরঝিল এলাকায় অভিযান চালিয়ে মেয়েটিকে উদ্ধার করে পুলিশ। পরে তার দেওয়া তথ্যানুযায়ী শিশির ও জুনায়েদকে ওয়ারী থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

টঙ্গী পূর্ব থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান, গতকাল আসামিদের কারাগারে পাঠানো হয়েছে। আর মেয়েটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।

এ ছাড়া নীলফামারীর ডোমারে ঝালমুড়ি খাওয়ানোর প্রলোভন দেখিয়ে এক শিশুকে (৭) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত শনিবার রাতে স্থানীয় এক কিশোরকে (১৭) গ্রেপ্তার করে পুলিশ। নির্যাতিতার স্বজনদের দাবি, গত বৃহস্পতিবার দুপুরে ডোমার পৌর শহরের কলেজপাড়া মহল্লার একটি বাঁশবাগানে নিয়ে শিশুটিকে ধর্ষণ করে ওই প্রতিবেশী কিশোর। ডোমার থানার ওসি (তদন্ত) বিশ্বদেব রায় জানান, এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে মামলা করেন।