চিত্রনাট্যের তাগিদে অনেক সময়ই সিনেমায় অতিমানবীয় দৃশ্য থাকে, যা আবার বিজ্ঞানের হিসেবে ঘটা অসম্ভব। পরবর্তীতে সেই দৃশ্যগুলো আলোচনার বিষয় হয়ে দাঁড়ায়। এই যেমন বরুণ ধাওয়ানের সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘কুলি নম্বর ওয়ান’–এর ক্ষেত্রে হচ্ছে।
সিনেমার একটি দৃশ্য এখন নেটদুনিয়ায় রীতিমতো ভাইরাল। ইতিমধ্যে তৈরি হয়েছে একাধিক মিমও।
শুক্রবার ওটিটি প্ল্যাটফর্ম আমাজন প্রাইমে মুক্তি পায় বরুণ ও সারা আলী খানের ‘কুলি নম্বর ওয়ান’। কিন্তু মুক্তির পরেই কমেডি ঘরানার এই ছবির একটি ছোট্ট দৃশ্য ভাইরাল হয়েছে।
সেখানে দেখা যাচ্ছে, রেললাইনে বসে থাকা এক শিশুকে বাঁচাতে চলন্ত ট্রেনের ওপর লাফ দিয়েছেন বরুণ। এমনকি তার আগে ট্রেনের বগির ওপর দিয়ে ট্রেনটির থেকেও দ্রুত ছুটছেন। এরপরই ট্রেনের সামনে লাফ দিয়ে লাইনে নেমে বাচ্চাটিকে বাঁচান বরুণ।
দৃশ্যটি নিয়েই নেটিজেনদের আপত্তি। কেউ লেখেন, ‘‘এখানে তো বিজ্ঞানকেই অগ্রাহ্য করা হয়েছে।’’ কেউ আবার প্রশ্ন তোলেন, ‘‘বরুণ ট্রেনের সামনে লাফ দিয়ে বাচ্চাটিকে বাঁচাতে যতক্ষণ সময় নিলেন, তা বাস্তবে কখনই পাওয়া যাবে না।’’
মুক্তির পরপরই নেগেটিভ রিভিউয়ের কবলে পড়েছে ‘কুলি নম্বর ওয়ান’, যা কিনা- গোবিন্দ ও কারিশমা কাপুরের একই নামের আইকনিক ছবির রিমেক। নির্মাণ করছেন একই পরিচালক ডেভিড ধাওয়ান।