বনভোজনের চাঁদা না দেওয়ায় মাদারীপুর পাসপোর্ট অফিসে হামলা

বনভোজনের চাঁদা না দেওয়ায় সোমবার দুপুরে মাদারীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে হামলা চালিয়েছে ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।

এ ঘটনায় আল আমিন ব্যাপারী (১৬) নামে একজনকে আটক করে পুলিশ দেওয়া হয়েছে। আটক আল আমিন শহরের কুকরাইল এলাকার বেলায়েত ব্যাপারী ছেলে।

মাদারীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মো. রুস্তুম আলী জানান, বনভোজনের যাওয়ার নামে অফিসে ঢুকে চাঁদা দাবি করে ৭ থেকে ৮ জন অজ্ঞাত যুবক। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে অফিসের কর্মকর্তাদের দেখে নেওয়ার হুমকি দিয়ে বাইরে বেরিয়ে যায়। পরে অফিসের মূল ফটকের গেইট আটকে সেবা নিতে আসা গ্রহীতাদের আসা যাওয়ার পথ বন্ধ করে দেয় ওই যুবকেরা। এ সময় দায়িত্বে থাকা আনসার সদস্যদের সঙ্গে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে ইটপাটকেল ছুড়ে হামলা চালিয়ে পাসপোর্ট অফিসে ভাঙচুর করে দুর্বৃত্তরা। ঘটনাস্থল থেকে আল আমিন নামে একজনকে আটক করা হয়। পরে খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে পুলিশ।

মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার আবদুল হান্নান দেশ রূপান্তরকে জানান, আমরা ঘটনাস্থল থেকে একজনকে আটক করেছি, অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।