সারা দেশের পৌর নির্বাচনে সরকার তান্ডব চালিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ‘দেশের ২৪ পৌরসভায় যে নির্বাচন হয়েছে তা আগের মতোই রক্তপাত ও ডাকাতির নির্বাচন হয়েছে। অধিকাংশ পৌরসভায় ভোটকেন্দ্র দখল করে আওয়ামী লীগের নেতাকর্মীরা তান্ডব চালিয়েছে। সরকারের “হার্ড হিটিং” ইমেজ বজায় রাখতে ভোটারসহ বিএনপির নেতাকর্মীদের ওপর আক্রমণ চলেছে বেপরোয়াভাবে।’
গতকাল সোমবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি। ‘২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশ নিয়েছিল নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে’Ñ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের জবাবে রিজভী বলেন, ‘তার কথাতেই বোঝা যায় যে, নির্বাচনে বিএনপি না আসুক, বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করলেই তারা প্রশ্নবিদ্ধ হচ্ছেন।