ফেডারেশন কাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হলো ব্রাদার্স ইউনিয়নকে। মঙ্গলবার ‘বি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে উত্তর বারিধারার বিপক্ষে ০-৩ গোলে হেরেছে দলটি।
তিন ম্যাচে এক গোল দিয়ে ১১টি হজম করে টুর্নামেন্টই শেষ হয়ে গেছে একসময়ের ঐতিহ্যবাহী দলটির।
অন্যদিকে উত্তর বারিধারা এই জয়ে কোয়ার্টার ফাইনালে খেলার আশা বাঁচিয়ে রেখেছে। এদিন গ্রুপের অন্য ম্যাচে মুখোমুখি হবে সাইফ স্পোর্টিং ও আরামবাগ ক্রীড়া সংঘ। ম্যাচটি ড্র হলে সাইফের সঙ্গে শেষ আটে উঠবে উত্তর বারিধারা।
ব্রার্দাসকে হারানো ম্যাচে এদিন উত্তর বারিধারার পক্ষে গোল তিনটি করেন ইভজেনি কোচনেভ, সুমন রেজা ও মোহামেদ আব্দেল রহিম।
তিন ম্যাচে দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর বারিধারা। সাইফ স্পোর্টিংয়ের কাছে ৩-০ গোলে হেরে আসর শুরু করে দলটি। দ্বিতীয় ম্যাচে আরামবাগ ক্রীড়া সংঘের বিপক্ষে ৩-২ ব্যবধানে জয় তুলে নেয়।
অন্যদিকে ব্রাদার্স ইউনিয়ন নিজেদের প্রথম ম্যাচে আরামবাগের কাছে ২-০ গোলে হেরে আসর শুরু করে। দ্বিতীয় ম্যাচে সাইফ স্পোর্টিংয়ের বিপক্ষে ৬-১ ব্যবধানে উড়ে যায়। ফলে মৌসুমের প্রথম আসর শূন্য হাতেই শেষ হলো দলটির।