মুজিববর্ষ উপলক্ষে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ৫১টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪ হাজার শিক্ষার্থীর মাঝে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বইটি বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার উপজেলা পরিষদ চত্ত্বরে জেলা প্রশাসন কর্তৃক গৃহীত ‘আমার বঙ্গবন্ধু’ প্রোগ্রামের আওতায় উপজেলা প্রশাসনের আয়োজনে এ বই বিতরণ করা হয়।
জেলা প্রশাসক সাহিদা সুলতানা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে এ বই তুলে দেন।
উপজেলা নির্বাহী অফিসার এস এম মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বই বিতরণ অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস, পৌর মেয়র হাজী মো. কামাল হোসেন শেখ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মাদ মহসীন উদ্দিন, উপজেলা শিক্ষা অফিসার মাহবুবুর রহমান, ওসি শেখ লুৎফর রহমান, ইউপি চেয়ারম্যান হান্নান শেখ, শিক্ষক লিটন ভক্ত, শিক্ষার্থী পায়েল বালা, হাবিবুল্লাহ শেখ বক্তব্য রাখেন।
জেলা প্রশাসক সাহিদা সুলতানা তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুর লেখা অসমাপ্ত আত্মজীবনী ও কারাগারের রোজনামচা বই দুটির প্রত্যেকটি শব্দই সত্য। তাই শিক্ষার্থীদের সহপাঠের সাথে এই দুটি বই যোগ করা উচিত।
পৌর মেয়র মো. কামাল হোসেন শেখ তার বক্তব্যে ছাত্রলীগসহ সকল আওয়ামী লীগ নেতা কর্মীদেরকে বঙ্গবন্ধুর লেখা অসমাপ্ত আত্মজীবনী ও কারাগারের রোজনামচা বই দুটি পড়ার অনুরোধ জানান।
উপজেলা নির্বাহী অফিসার এস এম মাহফুজুর রহমান তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুর লেখা অসমাপ্ত আত্মজীবনী ও কারাগারের রোজনামচা বই দুইটি পড়লে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস, বঙ্গবন্ধুর পরিচয়, বঙ্গবন্ধুর সংগ্রামী জীবন সম্পর্কে জানা যাবে। তাই আমি শিক্ষার্থীদের এই বই দুটি পড়ার জন্য অনুরোধ করছি। আমরা আগামী মার্চ মাসে এই বই দুটি পড়ার উপর একটি প্রতিযোগীতার আয়োজন করবো।