ভোটাধিকার আদায় ও গণতন্ত্র প্রতিষ্ঠায় দেশের আপামর জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার উদাত্ত আহ্বান জানিয়েছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন ও সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দুই বছর পূর্তির আগের দিন মঙ্গলবার এক বিবৃতিতে তারা এ আহ্বান জানান।
বিবৃতিতে তারা বলেন, ‘৩০ ডিসেম্বর কালো দিবস। ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার তারিখ ছিল। কিন্তু তৎকালীন ক্ষমতাসীন সরকার পুলিশ, প্রশাসন ও দলীয় কর্মীদের সহায়তায় আগের রাতেই ভোট ব্যালট বাক্সে ভরে রাখে। ভোটের ইতিহাসে সবচেয়ে কলঙ্কজনক ও প্রহসনমূলক অধ্যায় সৃষ্টি করে।’
গণফোরাম নেতৃদ্বয় বলেন, ‘বর্তমান সরকারের আমলে ভোটাররা ভোট প্রদানের আগ্রহ হারিয়ে ফেলেছে। গণতন্ত্রকে প্রায় ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে বর্তমান সরকার।’
এ অবস্থায় ভোটাধিকার আদায় ও গণতন্ত্র প্রতিষ্ঠায় দেশের আপামর জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা।