দুবাইয়ে সস্ত্রীক চাহালকে ডিনার খাওয়ালেন ধোনি-সাক্ষী

নব দম্পতিকে নৈশভোজ করালেন মহেন্দ্র সিংহ ধোনি। নব দম্পতি হলেন যুজবেন্দ্র চাহাল ও ধনশ্রী বর্মা। নৈশভোজের পার্টি হল দুবাইয়ে।

চাহাল ও ধনশ্রী মধুচন্দ্রিমায় দুবাইয়ে গিয়েছেন। ধোনি এবং তার স্ত্রী সাক্ষীও সেখানেই রয়েছেন। ধোনির আমন্ত্রণ যায় চাহালদের কাছে। নৈশভোজের সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেন চাহাল ও ধনশ্রী। মুহূর্তের মধ্যে তা ভাইরাল হয়ে যায়।

দুটি ছবি পোস্ট করেছেন চাহাল। একটিতে তিনি, ধনশ্রী, ধোনি, সাক্ষী, চারজনেই রয়েছেন। অন্য ছবিতে ধোনি এবং চাহাল। ছবি পোস্ট করে চাহাল লেখেন, ‘অত্যন্ত খুশি। ধন্য।’

ধনশ্রী তিনটি ছবি পোস্ট করেন। প্রথমটিতে তিনি, চাহাল ও ধোনি। দ্বিতীয় ছবিতে চারজনই। আর শেষ ছবিটি নৈশভোজের বিভিন্ন পদের।

ধোনি এই বছর ১৫ আগস্ট আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। চাহাল অস্ট্রেলিয়া সফরে সীমিত ওভারের দুটি সিরিজে খেলেছিলেন। টেস্ট দলে তিনি নেই। তাই দেশে ফিরে এসেছেন। গত সপ্তাহে তিনি বিয়ে করেন।