মুন্সীগঞ্জ শহরের হাটলক্ষ্মীগঞ্জ এলাকাসংলগ্ন ধলেশ্বরী নদীতে গতকাল মঙ্গলবার ভোরে ট্রলার থেকে লাফিয়ে পড়ে রাজু (৩০) নামে একজনের মৃত্যু হয়েছে। ভোর সাড়ে ৪টার দিকে হাটলক্ষ্মীগঞ্জ এলাকার মুন্সীগঞ্জ লঞ্চঘাটের কাছে এ ঘটনা ঘটে। নিহত রাজু ভোলার লালমোহনের ফজুল মুন্সীর ছেলে।
যাত্রী শাহাদাত জানান, লালমোহন থেকে যাত্রীবোঝাই এমভি জাহিদ-৮ নামে একটি লঞ্চ ঢাকার সদরঘাটের উদ্দেশে ছেড়ে আসে। মুন্সীগঞ্জ লঞ্চঘাটের কাছে এলে লঞ্চ থেকে ৩০-৩৫ জন যাত্রী মাঝনদীতে একটি ট্রলারে নামেন। এ সময় বিপরীত থেকে অন্য একটি লঞ্চ ট্রলারের কাছাকাছি চলে এলে ট্রলারের বেশ কয়েকজন যাত্রী ভয়ে নদীতে লাফিয়ে পড়েন।
পরে স্থানীয়রা ট্রলারযোগে বেশ কয়েকজন যাত্রীকে উদ্ধার করেন। এর মধ্যে রাজুকে গুরুতর অবস্থায় মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মুন্সীগঞ্জ সদর থানার এসআই বাবুল ইসলাম জানান, লঞ্চের সঙ্গে সংঘর্ষ হওয়ার ভয়ে ট্রলার থেকে বেশ কয়েকজন যাত্রী নদীতে লাফিয়ে পড়েন। স্থানীয়রা তাৎক্ষণিক যাত্রীদের উদ্ধার করেন। তাদের মধ্যে রাজু নামে একজনকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।