বার্সেলোনার সভাপতি নির্বাচন তাহলে ভালোই জমে উঠেছে। কে শেষ পর্যন্ত সভাপতি হবেন তা ফল ঘোষণার পর জানা যাবে। তবে সবাই প্রতিশ্রুতি দিতে ব্যস্ত। তবে রিয়াল মাদ্রিদকে ৬ গোল দেওয়ার ঘোষণা দিয়ে অন্য সবার চেয়ে নজর কেড়েছেন হোয়ান লাপোর্তে।
সভাপতি নির্বাচনের দৌড়ে আছেন পাঁচজন। এরা হলেন বার্সার সাবেক প্রেসিডেন্ট হোয়ান লাপোর্তে, ভিক্তর ফন্ত, লুইস ফের্নান্দেজ, জর্দি ফারে এবং অগুস্তি বেনেদিতো। নির্বাচনী প্রচারণার সময় রিয়ালকে ৬ গোল দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে হোয়ান লাপোর্তে বলেন, ‘আমার সময়ে মেসিরা যেমন রিয়াল মাদ্রিদকে ছয় গোলে হারিয়েছিল, সভাপতি নির্বাচিত হয়ে আবারও রিয়ালকে ৬ গোলের লজ্জায় ফেলতে চাই।’ স্প্যানিশ ইউটিউব চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘রিয়ালের মাঠের বাইরে পোস্টার লাগানোর অর্থ হলো, তাদের বিপক্ষে ছয় গোল করার জন্য আরও বেশি মুখিয়ে আছি। তবে পোস্টারটার অর্থ অনেক কিছুই হতে পারে। পোস্টারটা একটু দুষ্টুমি বোঝায়, আমার প্রস্তুতিও বোঝায়, বোঝায় আমার অভিজ্ঞতাও। পোস্টারটা বোঝায়, আমি আবারও রিয়ালের সঙ্গে সেই দুর্দান্ত প্রতিদ্বন্দ্বিতার স্বাদ পেতে আগ্রহী। তবে তার আগে ক্লাবের অর্থনৈতিক অবস্থার উন্নতি করতে হবে আমাদের।’ লাপোর্তে আরও বলেন, ‘আমরা আমাদের পক্ষে যত বেশি সম্ভব সমর্থন আদায়ের চেষ্টা করছি। অন্য সব প্রার্থীর প্রতি সম্মান রেখেই তা করছি। আমাদের আছে বিজয়ীর মানসিকতা, কিন্তু মানুষ যাতে আমাদের ভোট দেয়, সেদিকেও নজর আছে আমাদের।’