মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিপক্ষে অভিষেক টেস্টেই দারুণ করেছেন দুই তরুণ শুভমান গিল ও মোহাম্মদ সিরাজ। বড় মঞ্চে নেমে শুরুতেই নিজেদের প্রমাণ করায় দুজনই প্রশংসা পেয়েছেন অধিনায়ক আজিঙ্কা রাহানের। শুভমান ওপেন করতে নেমে দুই ইনিংস মিলিয়ে ৮০ রান তুলেছেন। দ্বিতীয় ইনিংসে ৩৫ করে অপরাজিত ছিলেন। এদিকে সিরাজ দুই ইনিংস মিলিয়ে নিয়েছেন ৫ উইকেট।
দিন শেষে দুই অভিষিক্তের প্রশংসা করে রাহানে বলেন, ‘বিশেষ করে সিরাজ ও গিলের কথা বলতে চাই। নিজেদের প্রমাণের বিষয়টা ক্রিকেটে থাকেই। কিন্তু এমন চাপের মুহূর্তে টেস্ট অভিষেকে নেমে এতটা ভালো করা সবার পক্ষে হয় না। ওরা দুজনই সেই কাজটা করেছে। উমেশের না থাকার অপূর্ণতা দূর করেছে সিরাজ। ৩৫ রানে ৩ উইকেট নিয়ে প্রয়োজনের সময় কার্যকারিতার প্রমাণও রেখেছে। শুভমানের ব্যাপারে আমরা সবাই জানি, প্রথম শ্রেণিতে সে দারুণ পারফরম করেছে। সেই অভিজ্ঞতাই ওকে অস্ট্রেলিয়ায় সফল হতে সাহায্য করল। অভিষেকে নিজের ওপর নিয়ন্ত্রণ রাখাটা কঠিন। কিন্তু সিরাজ ও গিল দুজনেই সেই কঠিন কাজ করতে পেরেছে।’