দুর্ঘটনার হাত থেকে ট্রেনকে রক্ষা করায় স্কুলছাত্রকে পুরস্কৃত

জয়পুরহাটে দুর্ঘটনার হাত থেকে ট্রেন ও শত শত যাত্রীকে রক্ষা করা স্কুলছাত্র সাজিদকে পুরস্কৃত করা হয়েছে।

বুধবার দুপুরে উপজেলা পরিষদের পক্ষ থেকে নগদ অর্থ ৫ হাজার টাকা সাজিদ ও তার বাবা-মায়ের হাতে তুলে দেন পরিষদের চেয়ারম্যান মনিরুল শহিদ মুন্না।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার বরমান হোসেন, উপজেলা প্রকৌশলী আব্দুল কাইয়ুম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোসা. নূর-এ-শেফাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২৭ ডিসেম্বর পাঁচবিবি উপজেলার খাসবাগুরি গ্রামের আনোয়ার হোসেনের ছেলে কিশোর সাজিদ রেল লাইনের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় লাইন ভেঙে ফাঁক হয়ে যাওয়া অবস্থায় দেখতে পান।

এ সময় পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী দ্রুতযান ট্রেনটি আসতে দেখে বিষয়টি তার মাকে বললে ছেলেকে লাল কাপড় উড়াতে বলেন তিনি। সাজিদের শরীরে থাকা লাল গেঞ্জি বাঁশের মাথায় জড়িয়ে উড়াতে থাকেন। এ সময় চালক ট্রেনটি থামিয়ে দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায়।