সাঈদ খোকনসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ

নকশাবহির্ভূত দোকান বরাদ্দ দিয়ে ৩৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকনসহ ৭ জনের বিরুদ্ধে করা মামলাটি তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) এই নির্দেশ দেওয়া হয়েছে। পিবিআইকে আগামী ৩১ জানুয়ারির মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলেছেন আদালত।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশেক ইমাম বুধবার এই আদেশ দেন। 

মামলায় সাঈদ খোকন ছাড়া অন্য আসামিরা হলেন- ঢাকার দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক প্রধান রাজস্ব কর্মকর্তা ইউসুফ আলী সরদার, সাবেক উপসহকারী প্রকৌশলী মো. মাজেদ, কামরুল হাসান, হেলেনা আক্তার, আতিকুর রহমান ও ওয়ালিদ। 

মামলার বাদী ফুলবাড়িয়া সুপার মার্কেট-২-এর দোকান মালিক সমিতির সভাপতি দেলোয়ার হোসেন। মামলাটি নেওয়ার জন্য মঙ্গলবার ঢাকার আদালতে আবেদন করেন দেলোয়ার হোসেন। মামলার আবেদনে ২৭ জনকে সাক্ষী রাখা হয়েছে। 

মামলার আরজিতে বাদী দেলোয়ার দাবি করেছেন, ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনসহ অন্য আসামিরা পরস্পর যোগসাজশে ফুলবাড়িয়া সুপার মার্কেট-২-এ নকশাবহির্ভূত স্থাপনা তৈরি করে দোকান বরাদ্দের ঘোষণা দেন। এর মাধ্যমে আসামিরা ক্ষুদ্র ব্যবসায়ীদের সঙ্গে প্রতারণা করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন।