যুবলীগ নেতা মহিউদ্দিন হত্যা

আওয়ামী লীগ নেতা ইকবালসহ ২০ জনের বিরূদ্ধে চার্জ গঠন

চট্টগ্রামে বহুল আলোচিত যুবলীগ নেতা মহিউদ্দিন হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা হাজী ইকবালসহ ২০ জনের বিরূদ্ধে চার্জ গঠন করেছে আদালত। এর মধ্য দিয়ে শুরু হয়েছে মামলাটির বিচার কাজ।

চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এ কে এম মোজাম্মেল হক বুধবার তদন্ত কর্মকর্তার দেয়া চার্জশিটের ওপর ওপর শুনানি শেষে আসামিদের বিরূদ্ধে চার্জ গঠন করেন।

আদালত সূত্র জানায়, ২০১৮ সালের ২৬ মার্চ দুপুরে বন্দর থানার মেহের আফজল উচ্চ বিদ্যালয়ে একটি বৈঠক চলাকালে স্থানীয় যুবলীগ নেতা মহিউদ্দিনকে কুপিয়ে হত্যা করা হয়। ঘটনার পরদিন নিহত মহিউদ্দিনের মা নুর সেহের বেগম বাদী হয়ে আওয়ামী লীগ নেতা হাজী ইকবালসহ ১৭ জনকে আসামি করে হত্যা মামলা করেন। ২০১৮ সালের ২২ জুলাই হাজী ইকবাল, তার ছেলে আলী আকবর ইকবাল, মেয়ে জামাই এবং ভাইসহ ২০ জনের বিরূদ্ধে আদালতে চার্জশিট দেয় পুলিশ।

চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের পিপি মো. আইয়ুব খান দেশ রূপান্তরকে জানান, গত ১০ ডিসেম্বর চট্টগ্রাম ৫ম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত থেকে মামলাটি বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়। বুধবার চার্জ গঠনের পূর্ব নির্ধারিত তারিখ ছিল। আদালত উভয় পক্ষের শুনানির পর মোট ২০ আসামির বিরূদ্ধে চার্জ গঠন করেছেন।

এর মধ্য দিয়ে চাঞ্চল্যকর এ মামলাটির বিচার কাজ শুরু হয়েছে বলে জানান তিনি।