আনসারদের অন্যায় ও দুর্নীতিমুক্ত থেকে কাজ করার নির্দেশ

আনসারদের অন্যায় ও দুর্নীতিমুক্ত থেকে কাজ করার কঠোর নির্দেশ দিয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান শামীম। 

তিনি বলেছেন, ‘সবাইকে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে সুশৃঙ্খলভাবে দায়িত্ব পালন করতে হবে।’ 
ভালো কাজের প্রতি উৎসাহ প্রদান করে, অন্যায় ও দুর্নীতিমুক্ত থেকে কাজ করার জন্য কঠোরভাবে নির্দেশও দিয়েছেন তিনি। 

মঙ্গলবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ঢাকা মহানগরের (ডিএমএ) মহানগর আনসার উত্তর ও পূর্ব জোনের বিভিন্ন সংস্থায় কর্মরত অঙ্গীভূত আনসার সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব  বলেন। 

বুধবার বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপ-পরিচালক (যোগাযোগ) ও গণসংযোগ, মেহনাজ তাবাস্সুম রেবিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মতবিনিময় সভায় কর্মরত আনসার সদস্যদের উদ্দেশ্যে প্রধান অতিথি তার বক্তব্যের শুরুতে  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পরম শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীকে বাহিনীর মহাপরিচালকের দায়িত্ব প্রদান করায় আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পবিত্র কুমার সাহা (উপ-মহাপরিচালক ঢাকা রেঞ্জ), মুহাম্মদ সাজ্জাদুর রহমান (পরিচালক), ঢাকা মহানগর আনসার ও ঢাকা মহানগরে কর্মরত পরিচালকবৃন্দ, জোন অধিনায়ক এবং থানা আনসার ভিডিপি কর্মকর্তা-কর্মচারীরা।