দুর্ঘটনা থেকে ট্রেন রক্ষা করায় স্কুলছাত্র পুরস্কৃত

জয়পুরহাটে দুর্ঘটনার হাত থেকে ট্রেন ও শত শত যাত্রীকে রক্ষা করা স্কুলছাত্র সাজিদকে পুরস্কৃত করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে উপজেলা পরিষদের পক্ষ থেকে ৫ হাজার টাকা সাজিদ ও তার বাবা-মায়ের হাতে তুলে দেন পরিষদের চেয়ারম্যান মনিরুল শহিদ মুন্না।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার বরমান হোসেন, উপজেলা প্রকৌশলী আব্দুল কাইয়ুম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোসা. নূর-এ-শেফাসহ অন্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২৭ ডিসেম্বর পাঁচবিবি উপজেলার খাসবাগুরি গ্রামের আনোয়ার হোসেনের ছেলে কিশোর সাজিদ রেললাইনের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় লাইনের একাংশ ভাঙা অবস্থায় দেখতে পায়। এ সময় পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী দ্রুতযান ট্রেনটি আসতে দেখে বিষয়টি তার মাকে বললে তিনি লাল কাপড় ওড়াতে বলেন। সাজিদ শরীরে থাকা লাল গেঞ্জি বাঁশে লাগিয়ে ওড়াতে থাকে। এ সময় ড্রাইভার ট্রেনটি থামিয়ে দিলে শত শত যাত্রী প্রাণে রক্ষা পান।