আলী যাকের স্মরণ সভায় বক্তারা

বাংলাদেশ তাকে ভুলবে না

মুক্তিযুদ্ধে অসামান্য অবদান আর স্বাধীন দেশের সংস্কৃতি চর্চায় নিজেকে এমনভাবে জড়িয়ে রেখেছেন আলী যাকের, বাংলাদেশ কখনোই তাকে ভুলবে না। গতকাল বুধবার রাত ৯টায় মুক্তিযুদ্ধ জাদুঘর আয়োজিত এক ভার্চুয়াল স্মরণানুষ্ঠানে এ কথা বলেন বক্তারা। মুক্তিযুদ্ধ জাদুঘর, রেডিও স্বাধীন এবং থিয়েটার পত্রিকা ‘ক্ষ্যাপা’র ফেইসবুক পাতায় ‘আলী যাকের : জীবন-কর্ম-শিল্প ও আজীবন সাধনায় মুক্তিযুদ্ধ’ শীর্ষক অনুষ্ঠানটি সম্প্রচার করা হয়।

মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক বলেন, ‘আলী যাকেরকে ভুলে যাওয়া সম্ভব নয়। মুক্তিযুদ্ধ আর স্বাধীন দেশে সংস্কৃতি চর্চার নানা জায়গায় তিনি নিজেকে জড়িয়ে রেখেছেন।’ নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতারকেন্দ্রে তাকে নিবেদিত থাকতে দেখেছি, আর স্বাধীনতার পর মঞ্চে ‘কবর’ নাটকে প্রথম অভিনয় করেন। সেই নাটকটি আমারই নির্দেশনায়। মঞ্চে তার মতো অসাধারণ অভিনেতা কমই দেখেছি।’

মুক্তিযোদ্ধা নাসির উদ্দীন ইউসুফ বলেন, ‘আলী যাকের মুক্তিযোদ্ধা ও সংস্কৃতিকর্মী। তিনি যেখানেই হাত দিয়েছেন, সোনা ফলেছে।’

শাহরিয়ার কবীর বলেন, ‘আমরা তাকে ছটলু ভাই ডাকতাম। শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে সোহরাওয়ার্দী উদ্যানে গণ-আদালত হয়েছিল, সেখানে সাক্ষ্য দিয়েছিলেন আলী যাকের। বিএনপি সরকার সে সময় রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনেছিল।’ অনুষ্ঠানে আলী যাকেরকে নিয়ে তথ্যচিত্র দেখানো হয়। পাশাপাশি বিভিন্ন আলোকচিত্র ও ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।